আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

অন্য মা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শিশু ভোলানাথ [ ১৯২২ ]

কবিতার শিরনামঃ অন্য মা

অন্য মা onyo ma [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মা না হয়ে তুমি

          আর কারো মা হলে

ভাবছ তোমায় চিনতেম না,

          যেতেম না ঐ কোলে?

মজা আরো হত ভারি,

দুই জায়গায় থাকত বাড়ি,

আমি থাকতেম এই গাঁয়েতে,

          তুমি পারের গাঁয়ে।

এইখানেতে দিনের বেলা

যা-কিছু সব হত খেলা

দিন ফুরোলেই তোমার কাছে

          পেরিয়ে যেতেম নায়ে।

হঠাৎ এসে পিছন দিকে

আমি বলতেম, “বল্‌ দেখি কে?”

তুমি ভাবতে, চেনার মতো

          চিনি নে তো তবু।

 

তখন কোলে ঝাঁপিয়ে পড়ে

আমি বলতেম গলা ধরে–

“আমায় তোমার চিনতে হবেই,

          আমি তোমার অবু!”

ঐ পারেতে যখন তুমি

আনতে যেতে জল,–

এই পারেতে তখন ঘাটে

          বল্‌ দেখি কে বল্‌?

কাগজ-গড়া নৌকোটিকে

ভাসিয়ে দিতেম তোমার দিকে,

যদি গিয়ে পৌঁছত সে

          বুঝতে কি, সে কার?

সাঁতার আমি শিখিনি যে

নইলে আমি যেতেম নিজে,

আমার পারের থেকে আমি

          যেতেম তোমার পার।

মায়ের পারে অবুর পারে

থাকত তফাত, কেউ তো কারে

ধরতে গিয়ে পেত নাকো,

          রইত না একসাথে।

দিনের বেলায় ঘুরে ঘুরে

দেখা-দেখি দূরে দূরে,–

সন্ধ্যেবেলায় মিলে যেত

          অবুতে আর মা-তে।

কিন্তু হঠাৎ কোনোদিনে

          যদি বিপিন মাঝি

পার করতে তোমার পারে

          নাই হত মা রাজি।

ঘরে তোমার প্রদীপ জ্বেলে

ছাতের ‘পরে মাদুর মেলে

বসতে তুমি, পায়ের কাছে

          বসত ক্ষান্ত বুড়ী,

উঠত তারা সাত ভায়েতে,

ডাকত শেয়াল ধানের খেতে,

উড়ো ছায়ার মতো বাদুড়

          কোথায় যেত উড়ি।

তখন কি মা, দেরি দেখে

ভয় হত না থেকে থেকে,

পার হয়ে, মা, আসতে হতই

          অবু যেথায় আছে।

তখন কি আর ছাড়া পেতে?

দিতেম কি আর ফিরে যেতে?

ধরা পড়ত মায়ের ওপার

          অবুর পায়ের কাছে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত