আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

উৎসব কবিতা । utsab kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

উৎসব কবিতা [utsab kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ উৎসব

উৎসব কবিতা । utsab kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মোর      অঙ্গে অঙ্গে যেন আজি বসন্ত-উদয়

          কত        পত্রপুষ্পময়।

               যেন মধুপের মেলা

               গুঞ্জরিছে সারাবেলা,

               হেলাভরে করে খেলা

                      অলস মলয়।

               ছায়া আলো অশ্রু হাসি

               নৃত্য গীত বীণা বাঁশি,

               যেন মোর অঙ্গে আসি

                      বসন্ত-উদয়

          কত           পত্রপুষ্পময়।

তাই      মনে হয় আমি পরম সুন্দর,

          আমি         অমৃতনির্ঝর।

               সুখসিক্ত নেত্র মম

               শিশিরিত পুষ্পসম,

               ওষ্ঠে হাসি নিরুপম

                     মাধুরীমন্থর।

               মোর পুলকিত হিয়া

               সর্বদেহে বিলসিয়া

               বক্ষে উঠে বিকশিয়া

                     পরম সুন্দর,

          নব            অমৃতনির্ঝর।

ওগো,      যে তুমি আমার মাঝে নূতন নবীন

          সদা       আছ নিশিদিন,

            তুমি কি বসেছ আজি

               নব বরবেশে সাজি,

               কুন্তলে কুসুমরাজি,

                      অঙ্কে লয়ে বীন,

               ভরিয়া আরতিথালা

               জ্বালায়েছ দীপমালা,

               সাজায়েছ পুষ্পডালা

                      নূতন নবীন–

          আজি        বসন্তের দিন।

ওগো      তুমি কি উতলাসম  বেড়াইছ ফিরে

             মোর        হৃদয়ের তীরে?

               তোমারি কি চারিপাশ

               কাঁপে শত অভিলাষ,

               তোমারি কি পট্টবাস

                      উড়িছে সমীরে?

               নব গান তব মুখে

               ধ্বনিছে আমার বুকে,

               উচ্ছ্বসিয়া সুখে দুখে

                      হৃদয়ের  তীরে

     তুমি           বেড়াইছ ফিরে।

আজি      তুমি কি দেখিছ এই শোভা রাশি রাশি

              ওগো           মনোবনবাসী।

                    আমার নিশ্বাসবায়

                    লাগিছে কি তব গায়,

                    বাসনার পুষ্প পায়

                         পড়িছে কি আসি।

                    উঠিছে কি কলতান

                    মর্মরগুঞ্জরগান,

                    তুমি কি করিছ পান

                          মোর সুধারাশি

                    ওগো মনোবনবাসী।

আজি      এ উৎসবকলরব কেহ নাহি জানে,

              শুধু           আছে তাহা প্রাণে।

                      শুধু এ বক্ষের কাছে

                    কী জানি কাহারা নাচে,

                    সর্বদেহ মাতিয়াছে

                           শব্দহীন গানে।

                    যৌবনলাবণ্যধারা

                    অঙ্গে অঙ্গে পথহারা,

                    এ আনন্দ তুমি ছাড়া

                           কেহ নাহি জানে–

               তুমি        আছ মোর প্রাণে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত