আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ক্ষতিপূরণ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

Table of Content

ক্ষতিপূরণ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ ক্ষতিপূরণ

ক্ষতিপূরণ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

তোমার তরে সবাই মোরে

       করছে দোষী

       হে প্রেয়সী!

বলছে–কবি তোমার ছবি

       আঁকছে গানে,

প্রণয়গীতি গাচ্ছে নিতি

       তোমার কানে,

নেশায় মেতে ছন্দে গেঁথে

       তুচ্ছ কথা

ঢাকছে শেষে বাংলাদেশে

       উচ্চ কথা।

তোমার তরে সবাই মোরে

       করছে দোষী

       হে প্রেয়সী!

সে কলঙ্ক নিন্দাপঙ্ক

       তিলক টানি

       এলেম রানী!

ফেলুক মুছি হাস্যশুচি

       তোমার লোচন

বিশ্বসুদ্ধ যতেক ক্রুদ্ধ

       সমালোচন।

অনুরক্ত তব ভক্ত

       নিন্দিতেরে

করো রক্ষে শীতল বক্ষে

       বাহুর ঘেরে।

তাই কলঙ্ক নিন্দাপঙ্ক

       তিলক টানি

       এলেম রানী।

আমি নাবব মহাকাব্য-

       সংরচনে

       ছিল মনে–

ঠেকল যখন তোমার কাঁকন-

       কিংকিণীতে,

কল্পনাটি গেল ফাটি

       হাজার গীতে।

মহাকাব্য সেই অভাব্য

       দুর্ঘটনায়

পায়ের কাছে ছড়িয়ে আছে

       কণায় কণায়।

আমি নাবব মহাকাব্য-

       সংরচনে

       ছিল মনে।

হায় রে কোথা যুদ্ধকথা

       হৈল গত

       স্বপ্নমত!

পুরাণচিত্র বীরচরিত্র

       অষ্ট সর্গ

কৈল খণ্ড তোমার চণ্ড

       নয়ন-খড়্‌গ।

রইল মাত্র দিবারাত্র

       প্রেমের প্রলাপ,

দিলেম ফেলে ভাবীকেলে

       কীর্তিকলাপ।

হায় রে কোথা যুদ্ধকথা

       হৈল গত

       স্বপ্নমত!

সেসব-ক্ষতি-পূরণ প্রতি

       দৃষ্টি রাখি

       হরিণ-আঁখি!

লোকের মনে সিংহাসনে

       নাইকো দাবি–

তোমার মনোগৃহের কোনো

       দাও তো চাবি।

মরার পরে চাই নে ওরে

       অমর হতে,

অমর হব আঁখির তব

       সুধার স্রোতে।

খ্যাতির ক্ষতি-পূরণ প্রতি

       দৃষ্টি রাখি

       হরিণ-আঁখি!

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত