আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

চাঞ্চল্য কবিতা [ Chancholyo Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

চাঞ্চল্য কবিতা [ Chancholyo Kobita ]

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ চাঞ্চল্য 

 

চাঞ্চল্য কবিতা [ Chancholyo Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

নিশ্বাস রুধে দু চক্ষু মুদে

           তাপসের মতো যেন

      স্তব্ধ ছিলি যে ওরে বনভূমি,

           চঞ্চল হলি কেন।

      হঠাৎ কেন রে দুলে ওঠে শাখা,

      যাবে না ধরায় আর ধরে রাখা,

      ঝট্‌পট্‌ করে হানে যেন পাখা

           খাঁচায় বনের পাখি।

      ওরে আমলকী, ওরে কদম্ব,

           কে তোদের গেল ডাকি।

               ‘ঐ যে ঈশানে উড়েছে নিশান,

                       বেজেছে বিষাণ বেগে–

           আমার বরষা কালো বরষা যে

                       ছুটে আসে কালো মেঘে।’

      ওরে নীলজল, অতল অটল

           ভরা ছিলি কূলে কূলে,

      হঠাৎ এমন শিহরি শিহরি

           উঠিলি কেন রে দুলে।

      তালতরুছায়া করে টলমল–

      কেন কলকল, কেন ছলছল–

      কী কথা বলিতে হলি চঞ্চল,

           ফুটিতে চাহে না বাক্‌–

      কাঁদিয়া হাসিয়া সাড়া দিতে চাস,

           কার শুনেছিস ডাক।

 

               ‘ঐ-যে আকাশে পুবের বাতাসে

                       উতলা উঠেছে জেগে–

               আজি মোর বর মোর কালো ঝড়

                       ছুটে আসে কালো মেঘে।’

      পরান আমার, রুধিয়া দুয়ার

           আপনার গৃহ-মাঝে

ছিলি এতদিন বিশ্রামহীন

           কী জানি কত কী কাজে।

      আজিকে হঠাৎ কী হল রে তোর,

      ভেঙে যেতে চায় বুকের পাঁজর,

      অকারণে বহে নয়নের লোর,

           কোথা যেতে চাস ছুটে।

      কে রে সে পাগল ভাঙিল আগল,

           কে দিল দুয়ার টুটে।

             ‘জানি না তো আমি কোথা হতে নামি

                    কী ঝড়ে আঘাত লেগে

             জীবন ভরিয়া মরণ হরিয়া

                    কে আসিছে কালো মেঘে।’

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত