আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

জন্মতিথির উপহার jonmotithir upohar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

জন্মতিথির উপহার

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ জন্মতিথির উপহার

জন্মতিথির উপহার jonmotithir upohar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

একটি কাঠের বাক্স

শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু

স্নেহ-উপহার এনেছি রে দিতে

          লিখেও এনেছি দু-তিন ছত্তর।

দিতে কত কী যে সাধ যায় তোরে

          দেবার মতো নেই জিনিস-পত্তর!

টাকাকড়িগুলো ট্যাঁকশালে আছে

          ব্যাঙ্কে আছে সব জমা,

ট্যাঁকে আছে খালি গোটা দুত্তিন,

          এবার করো বাছ ক্ষমা!

হীরে জহরাৎ যত ছিল মোর

          পোঁতা ছিল সব মাটিতে,

জহরী যে যেত সন্ধান পেয়ে

          নে গেছে যে যার বাটীতে!

দুনিয়া শহর জমিদারি মোর,

          পাঁচ ভূতে করে কাড়াকাড়ি,

হাতের কাছেতে যা-কিছু পেলুম,

          নিয়ে এনু তাই তাড়াতাড়ি!

স্নেহ যদি কাছে রেখে দেওয়া যেত

          চোখে যদি দেখা যেত রে,

বাজারে-জিনিস কিনে নিয়ে এসে

          বল্‌ দেখি দিত কে তোরে!

জিনিসটা অতি যৎসামান্য

          রাখিস ঘরের কোণে,

বাক্সখানি ভরে স্নেহ দিনু তোরে

          এইটে থাকে যেন মনে!

 

বড়োসড়ো হবি ফাঁকি দিয়ে যাবি,

          কোন্‌খেনে রবি নুকিয়ে,

কাকা-ফাকা সব ধুয়ে-মুছে ফেলে

          দিবি একেবারে চুকিয়ে।

তখন যদি রে এই কাঠখানা

          মনে একটুকু তোলে ঢেউ–

একবার যদি মনে পড়ে তোর

          “বুজি’ বলে বুঝি ছিল কেউ!

এই-যে সংসারে আছি মোরা সবে

          এ বড়ো বিষম দেশটা!

ফাঁকিফুঁকি দিয়ে দূরে চলে যেতে

          ভুলে যেতে সবার চেষ্টা!

ভয়ে ভয়ে তাই সবারে সবাই

          কত কী যে এনে দিচ্ছে,

এটা-ওটা দিয়ে স্মরণ জাগিয়ে

          বেঁধে রাখিবার ইচ্ছে!

মনে রাখতে যে মেলাই কাঠ-খড় চাই,

          ভুলে যাবার ভারি সুবিধে,

ভালোবাস যারে কাছে রাখ তারে

          যাহা পাস তারে খুবি দে!

বুঝে কাজ নেই এত শত কথা,

          ফিলজফি হোক ছাই!

বেঁচে থাকো তুমি সুখে থাকো বাছা

          বালাই নিয়ে মরে যাই!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত