আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নকল গড় কবিতা । nokol garh Kobita | কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নকল গড় কবিতা [ nokol garh Kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কথা

কবিতার নামঃ নকল গড়

নকল গড় কবিতা । nokol garh Kobita | কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রাজস্থান

“জলস্পর্শ করব না আর’

          চিতোর-রানার পণ,

“বুঁদির কেল্লা মাটির ‘পরে

          থাকবে যতক্ষণ।’

“কী প্রতিজ্ঞা! হায় মহারাজ,

মানুষের যা অসাধ্য কাজ

কেমন ক’রে সাধবে তা আজ’

          কহেন মন্ত্রিগণ।

কহেন রাজা, “সাধ্য না হয়

          সাধব আমার পণ।’

বুঁদির কেল্লা চিতোর হতে

          যোজন-তিনেক দূর।

সেথায় হারাবংশী সবাই

           মহা মহা শূর।

হামু রাজা দিচ্ছে থানা,

ভয় কারে কয় নাইকো জানা–

তাহার সদ্য প্রমাণ রানা

          পেয়েছেন প্রচুর।

হারাবংশীর কেলা বুঁদির

         যোজন-তিনেক দূর।

মন্ত্রী কহে যুক্তি করি,

         “আজকে সারারাতি

মাটি দিয়ে বুঁদির মতো

          নকল কেল্লা পাতি।

রাজা এসে আপন করে

দিবেন ভেঙে ধূলির ‘পরে,

নইলে শুধু কথার তরে

          হবেন আত্মঘাতী!’

মন্ত্রী দিল চিতোর-মাঝে

          নকল কেল্লা পাতি।

কুম্ভ ছিল রানার ভৃত্য

          হারাবংশী বীর,

হরিণ মেরে আসছে ফিরে

          স্কন্ধে ধনু তীর।

খবর পেয়ে কহে, “কে রে

নকল বুঁদি কেল্লা মেরে

হারাবংশী রাজপুতেরে

          করবে নতশির!

নকল বুঁদি রাখব আমি

          হারাবংশী বীর।’

মাটির কেল্লা ভাঙতে আসেন

          রানা মহারাজ।

“দূরে রহো’ কহে কুম্ভ,

          গর্জে যেন বাজ–

“বুঁদির নামে করবে খেলা

সইবে না সে অবহেলা,

নকল গড়ের মাটির ঢেলা

          রাখব আমি আজ।’

কহে কুম্ভ, “দূরে রহো

          রানা মহারাজ।’

ভূমির ‘পরে জানু পাতি

          তুলি ধনুঃশর

একা কুম্ভ রক্ষা করে

          নকল বুঁদিগড়।

রানার সেনা ঘিরি তারে

মুণ্ড কাটে তরবারে,

খেলাঘরের সিংহদ্বারে

          পড়ল ভূমি-‘পর।

রক্তে তাহার ধন্য হল

          নকল বুঁদিগড়।

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত