আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নিষ্ঠুর সৃষ্টি কবিতা । nishthur srishti kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নিষ্ঠুর সৃষ্টি কবিতা [ nishthur srishti kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ নিষ্ঠুর সৃষ্টি

 

নিষ্ঠুর সৃষ্টি কবিতা । nishthur srishti kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মনে হয় সৃষ্টি বুঝি বাঁধা নাই নিয়মনিগড়ে,

           আনাগোনা মেলামেশা সবই অন্ধ দৈবের ঘটনা।

                     এই ভাঙে, এই গড়ে,

                     এই উঠে, এই পড়ে–

           কেহ নাহি চেয়ে দেখে কার কোথা বাজিছে বেদনা।

           মনে হয়, যেন ওই আবারিত শূন্যতলপথে

           অকস্মাৎ আসিয়াছে সৃজনের বন্যা ভয়ানক–

                     অজ্ঞাত শিখর হতে

                     সহসা প্রচণ্ড স্রোতে

           ছুটে আসে সূর্য চন্দ্র, ধেয়ে আসে লক্ষ কোটি লোক।

           কোথাও পড়েছে আলো, কোথাও বা অন্ধকার নিশি,

           কোথাও সফেন শুভ্র, কোথাও বা আবর্ত আবিল,

                     সৃজনে প্রলয়ে মিশি

                     আক্রমিছে দশ দিশি–

           অনন্ত প্রশান্ত শূন্য তরঙ্গিয়া করিছে ফেনিল।

           মোরা শুধু খড়কুটো স্রোতোমুখে চলিয়াছি ছুটি,

           অর্ধ পলকের তরে কোথাও দাঁড়াতে নাহি ঠাঁই।

                     এই ডুবি, এই উঠি,

                     ঘুরে ঘুরে পড়ি লুটি–

           এই যারা কাছে আসে এই তারা কাছাকাছি নাই।

           সৃষ্টিস্রোত-কোলাহলে বিলাপ শুনিবে কে বা কার,

           আপন গর্জনে বিশ্ব আপনারে করেছে বধির।

                     শতকোটি হাহাকার

                     কলধ্বনি রচে তার–

           পিছু ফিরে চাহিবার কাল নাই, চলেছে অধীর।

হায় স্নেহ, হায় প্রেম, হায় তুই মানবহৃদয়,

           খসিয়া পড়িলি কোন্‌ নন্দনের তটতরু হতে?

                      যার লাগি সদা ভয়,

                      পরশ নাহিক সয়,

           কে তারে ভাসালে হেন জড়ময় সৃজনের স্রোতে?

           তুমি কি শুনিছ বসি হে বিধাতা, হে অনাদি কবি,

           ক্ষুদ্র এ মানবশিশু রচিতেছে প্রলাপজল্পনা?

                      সত্য আছে স্তব্ধ ছবি

                      যেমন উষার রবি,

           নিম্নে তারি ভাঙে গড়ে মিথ্যা যত কুহককল্পনা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত