আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পত্র কবিতা প্রহাসিনী | potro kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পত্র কবিতা প্রহাসিনী [ potro kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রহাসিনী কাব্যগ্রন্থের অংশ।

পত্র

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী

কবিতার নামঃ পত্র

 

পত্র কবিতা প্রহাসিনী | potro kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সৃষ্টি-প্রলয়ের তত্ত্ব

      লয়ে সদা আছ মত্ত,

           দৃষ্টি শুধু আকাশে ফিরিছে;

গ্রহতারকার পথে

      যাইতেছ মনোরথে,

           ছুটিছ উল্কার পিছে পিছে;

হাঁকায়ে দু-চারিজোড়া

      তাজা পক্ষিরাজ-ঘোড়া

           কলপনা গগনভেদিনী

তোমারে করিয়া সঙ্গী

      দেশকাল যায় লঙ্ঘি,

           কোথা প’ড়ে থাকে এ মেদিনী।

 

 

সেই তুমি ব্যোমচারী

      আকাশ-রবিরে ছাড়ি

           ধরার রবিরে কর মনে–

ছাড়িয়া নক্ষত্র গ্রহ

      একি আজ অনুগ্রহ

           জ্যোতির্হীন মর্তবাসী জনে।

ভুলেছ ভুলেছ কক্ষ,

      দূরবীন ভ্রষ্টলক্ষ্য,

           কোথা হতে কোথায় পতন।

ত্যজি দীপ্ত ছায়াপথে

      পড়িয়াছ কায়াপথে–

           মেদ-মাংস-মজ্জা-নিকেতন।

বিধি বড়ো অনুকূল,

      মাঝে মাঝে হয় ভুল,

           ভুল থাক্‌ জন্ম জন্ম বেঁচে–

তবু তো ক্ষণেকতরে

      ধুলিময় খেলাঘরে

           মাঝে মাঝে দেখা দাও কেঁচে।

তুমি অদ্য কাশীবাসী,

      সম্প্রতি লয়েছ আসি

           বাবা ভোলানাথের শরণ;

দিব্য নেশা জমে ওঠে,

      দু বেলা প্রসাদ জোটে,

           বিধিমতে ধূমোপকরণ।

 

জেগে উঠে মহানন্দ

      খুলে যায় ছন্দোবন্ধ,

           ছুটে যায় পেন্সিল উদ্দাম–

পরিপূর্ণ ভাবভরে

      লেফাফা ফাটিয়া পড়ে,

           বেড়ে যায় ইস্টাম্পের দাম।

আমার সে কর্ম নাস্তি,

      দারুণ দৈবের শাস্তি,

           শ্লেষ্মা-দেবী চেপেছেন বক্ষে–

সহজেই দম কম,

      তাহে লাগাইলে দম

           কিছুতে রবে না আর রক্ষে।

নাহি গান, নাহি বাঁশি,

      দিনরাত্রি শুধু কাশি,

           ছন্দ তাল কিছু নাহি তাহে;

নবরস কবিত্বের

      চিত্তে জমা ছিল ঢের,

           বহে গেল সর্দির প্রবাহে।

 

 

অতএব নমোনম,

      অধম অক্ষমে ক্ষম,

           ভঙ্গ আমি দিনু ছন্দরণে–

মগধে কলিঙ্গে গৌড়ে

      কল্পনার ঘোড়দৌড়ে

           কে বলো পারিবে তোমা-সনে।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত