আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মিষ্টান্বিতা কবিতা | mishtanwita kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মিষ্টান্বিতা কবিতাটি [ mishtanwita kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রহাসিনী কাব্যগ্রন্থের অংশ।

মিষ্টান্বিতা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী

কবিতার নামঃ মিষ্টান্বিতা

 

 

 

মিষ্টান্বিতা কবিতা | mishtanwita kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

যে মিষ্টান্ন সাজিয়ে দিলে হাঁড়ির মধ্যে

      শুধুই কেবল ছিল কি তায় শিষ্টতা।

যত্ন করে নিলেম তুলে গাড়ির মধ্যে,

      দূরের থেকেই বুঝেছি তার মিষ্টতা।

সে মিষ্টতা নয় তো কেবল চিনির সৃষ্টি,

      রহস্য তার প্রকাশ পায় যে অন্তরে

তাহার সঙ্গে অদৃশ্য কার মধুর দৃষ্টি

      মিশিয়ে গেছে অশ্রুত কোন্‌ মন্তরে।

বাকি কিছুই রইল না তার ভোজন-অন্তে,

      বহুত তবু রইল বাকি মনটাতে–

এমনি করেই দেব্‌তা পাঠান ভাগ্যবন্তে

      অসীম প্রসাদ সসীম ঘরের কোণটাতে।

সে বর তাঁহার বহন করল যাদের হস্ত

      হঠাৎ তাদের দর্শন পাই সুক্ষণেই–

রঙিন করে তারা প্রাণের উদয় অস্ত,

      দুঃখ যদি দেয় তবুও দুঃখ নেই।

 

হেন গুমর নেইকো আমার, স্তুতির বাক্যে

      ভোলাব মন ভবিষ্যতের প্রত্যাশায়,

জানি নে তো কোন্‌ খেয়ালের ক্রূর কটাক্ষে

      কখন বজ্র হানতে পার অত্যাশায়।

দ্বিতীয়বার মিষ্ট হাতের মিষ্ট অন্নে

      ভাগ্য আমার হয় যদি হোক বঞ্চিত,

নিরতিশয় করব না শোক তাহার জন্যে

      ধ্যানের মধ্যে রইল যে ধন সঞ্চিত।

আজ বাদে কাল আদর যত্ন না হয় কমল,

      গাছ মরে যায় থাকে তাহার টবটা তো।

জোয়ারবেলায় কানায় কানায় যে জল জমল

      ভাঁটার বেলায় শুকোয় না তার সবটা তো।

অনেক হারাই, তবু যা পাই জীবনযাত্রা

      তাই নিয়ে তো পেরোয় হাজার বিস্মৃতি।

 

রইল আশা, থাকবে ভরা খুশির মাত্রা

      যখন হবে চরম শ্বাসের নিঃসৃতি।

বলবে তুমি, “বালাই! কেন বকছ মিথ্যে,

      প্রাণ গেলেও যত্নে রবে অকুণ্ঠা।’

বুঝি সেটা, সংশয় মোর নেইকো চিত্তে,

      মিথ্যে খোঁটায় খোঁচাই তবু আগুনটা।

অকল্যাণের কথা কিছু লিখনু অত্র,

      বানিয়ে-লেখা ওটা মিথ্যে দুষ্টুমি।

তদুত্তরে তুমিও যখন লিখবে পত্র

      বানিয়ে তখন কোরো মিথ্যে রুষ্টুমি।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত