আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পত্র potro [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পত্র potro

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ পত্র potro 

পত্র potro [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাকে পাঠালুম আমার লেখা

        এক-বই-ভরা কবিতা

তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল

           একই সঙ্গে এক খাঁচায়।

        কাজেই আর সমস্ত পাবে,

কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে।

    যে অবকাশের নীল আকাশের আসরে

        একদিন নামল এসে কবিতা

           সেইটেই পড়ে রইল পিছনে।

নিশীথ রাত্রের তারাগুলি ছিঁড়ে নিয়ে

    যদি হার গাঁথা যায় ঠেসে,

বিশ্ব-বেনের দোকানে

    হয়তো সেটা বিকোয় মোটা দামে;

তবু রসিকেরা বুঝতে পারে, যেন কমতি হল কিসের।

    যেটা কম পড়ল সেটা ফাঁকা আকাশ,

           তৌল করা যায় না তাকে,

               কিন্তু সেটা দরদ দিয়ে ভরা।

মনে করো একটি গান উঠল জেগে

    নীরব সময়ের বুকের মাঝখানে

        একটি মাত্র নীলকান্তমণি–

    তাকে কি দেখতে হবে

           গয়নার বাক্সের মধ্যে।

        বিক্রমাদিত্যের সভায়

কবিতা শুনিয়েছেন কবি দিনে দিনে।

    ছাপাখানার দৈত্য তখন

           কবিতার সময়াকাশকে

        দেয় নি লেপে কালি মাখিয়ে।

    হাইড্রলিক জাঁতায় পেষা কাব্যপিণ্ড

           তলিয়ে যেত না গলায় এক-এক গ্রাসে,

উপভোগটা পুরো অবসরে উঠত রসিয়ে।

 

হায় রে, কানে শোনার কবিতাকে

        পরানো হল চোখে দেখার শিকল,

কবিতার নির্বাসন হল লাইব্রেরি-লোকে;

        নিত্যকালের আদরের ধন

পাব্‌লিশরের হাটে হল নাকাল।

           উপায় নেই,

    জটলা-পাকানোর যুগ এটা।

কবিতাকে পাঠকের অভিসারে যেতে হয়

    পটল-ডাঙার অম্‌নিবাসে চড়ে।

        মন বলছে নিশ্বাস ফেলে–

আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।

        তুমি যদি হতে বিক্রমাদিত্য

আর আমি যদি হতেম– কী হবে ব’লে।

        জন্মেছি ছাপার কালিদাস হয়ে।

           তোমরা আধুনিক মালবিকা

               কিনে পড় কবিতা

        আরাম-কেদারায় ব’সে।

    চোখ বুজে কান পেতে শোন না;

           শোনা হলে

    কবিকে পরিয়ে দাও না বেলফুলের মালা,

        দোকানে পাঁচ সিকে দিয়েই খালাস।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত