আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পুকুর ধারে pukur dhare [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পুকুর ধারে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ পুকুর ধারে

পুকুর ধারে pukur dhare [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

দোতলার জানলা থেকে চোখে পড়ে

               পুকুরের একটি কোণা।

                   ভাদ্রমাসে কানায় কানায় জল।

           জলে গাছের গভীর ছায়া টল্‌টল্‌ করছে

                   সবুজ রেশমের আভায়।

           তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ।

        ঢালু পাড়িতে সুপারি গাছ ক’টা মুখোমুখি দাঁড়িয়ে।

এ ধারের ডাঙায় করবী, সাদা রঙন, একটি শিউলি;

        দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো।

বাঁখারি-বাঁধা মেহেদির বেড়া,

        তার ও পারে কলা পেয়ারা নারকেলের বাগান;

আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠাবাড়ির ছাদ,

           উপর থেকে শাড়ি ঝুলছে।

মাথায় ভিজে চাদর জড়ানো গা-খোলা মোটা মানুষটি

        ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের পৈঁঠাতে,

               ঘণ্টার পর ঘণ্টা যায় কেটে।

বেলা পড়ে এল।

        বৃষ্টি-ধোওয়া আকাশ,

বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা।

    ধীরে ধীরে হাওয়া দিয়েছে,

        টলমল করছে পুকুরের জল,

           ঝিল্‌মিল্‌ করছে বাতাবি লেবুর পাতা।

 

চেয়ে দেখি আর মনে হয়

        এ যেন আর কোনো-একটা দিনের আবছায়া;

           আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে

               দূর কালের কার একটি ছবি নিয়ে এল মনে।

স্পর্শ তার করুণ, স্নিগ্ধ তার কণ্ঠ,

        মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি।

তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড়

        দুটি পা ঘিরে ঢেকে পড়েছে;

           সে আঙিনাতে আসন বিছিয়ে দেয়,

        সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে;

    সে আম-কাঁঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে,

           তখন দোয়েল ডাকে শজনের ডালে,

    ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেজুরের ঝোপে।

        যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি

    সে ভালো করে কিছুই বলতে পারে না;

কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে,

               চোখ ঝাপসা হয়ে আসে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত