আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অপরাধী oporadhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অপরাধী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ অপরাধী 

অপরাধী oporadhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি বল তিনু প্রশ্রয় পায় আমার কাছে–

           তাই রাগ কর তুমি।

        ওকে ভালোবাসি,

           তাই ওকে দুষ্টু ব’লে দেখি,

               দোষী ব’লে দেখি নে–

                   রাগও করি ওর ‘পরে

                       ভালোও লাগে ওকে

               এ কথাটা মিছে নয় হয়তো।

এক-একজন মানুষ অমন থাকে

         সে লোক নেহাত মন্দ নয়,

             সেইজন্যেই সহজে তার মন্দটাই পড়ে ধরা।

                 সে হতভাগা রঙে মন্দ, কিন্তু মন্দ নয় রসে;

                     তার দোষ স্তূপে বেশি,

                         ভারে বেশি নয়–

                     তাই দেখতে যতটা লাগে

                            গায়ে লাগে না তত।

                     মনটা ওর হালকা ছিপ্‌ছিপে নৌকো,

                            হূহু করে চলে যায় ভেসে;

                     ভালোই বল আর মন্দই বল

                                জমতে দেয় না বেশিক্ষণ–

                     এ পারের বোঝা ও পারে চালান করে দেয়

                                দেখতে দেখতে;

                         ওকে কিছুই চাপ দেয় না,

                                তেমনি ও দেয় না চাপ।

স্বভাব ওর আসর-জমানো,

         কথা কয় বিস্তর,

      তাই বিস্তর মিছে বলতে হয়–

             নইলে ফাঁক পড়ে কথার ঠাস-বুনোনিতে।

                 মিছেটা নয় ওর মনে,

                     সে ওর ভাষায়।

             ওর ব্যাকরণটা যার জানা

                     তবু বুঝতে হয় না দেরি।

             ওকে তুমি বল নিন্দুক– তা সত্য।

         সত্যকে বাড়িয়ে তুলে বাঁকিয়ে দিয়ে ও নিন্দে বানায়–

      যার নিন্দে করে তার মন্দ হবে ব’লে নয়,

যারা নিন্দে শোনে তাদের ভালো লাগবে ব’লে।

         তারা আছে সমস্ত সংসার জুড়ে।

             তারা নিন্দের নীহারিকা,

                 ও হল নিন্দের তারা,

             ওর জ্যোতি তাদেরই কাছ থেকে পাওয়া।

      আসল কথা ওর বুদ্ধি আছে, নেই বিবেচনা।

             তাই ওর অপরাধ নিয়ে হাসি চলে।

যারা ভালোমন্দ বিবেচনা করে সূক্ষ্ম তৌলের মাপে

                 তাদের দেখে হাসি যায় বন্ধ হয়ে;

             তাদের সঙ্গটা ওজনে হয় ভারী,

                     সয় না বেশিক্ষণ;

             দৈবে তাদের ত্রুটি যদি হয় অসাবধানে

                         হাঁপ ছেড়ে বাঁচে লোকে।

 

বুঝিয়ে বলি কাকে বলে অবিবেচনা–

    মাখন লক্ষ্মীছাড়াটা সংস্কৃতর ক্লাসে

           চৌকিতে লাগিয়ে রেখেছিল ভুসো;

ছাপ লেগেছিল পণ্ডিতমশায়ের জামার পিঠে;

           সে হেসেছিল, সবাই হেসেছিল

               পণ্ডিতমশায় ছাড়া।

হেডমাস্টার দিলেন ছেলেটাকে একেবারে তাড়িয়ে;

           তিনি অত্যন্ত গম্ভীর, তিনি অত্যন্ত বিবেচক।

                   তাঁর ভাব-গতিক দেখে হাসি বন্ধ হয়ে যায়।

      তিনু অপকার করে কিছু না ভেবে,

             উপকার করে অনায়াসে,

                     কোনোটাই মনে রাখে না।

ও ধার নেয়, খেয়াল নেই শোধ করবার;

                     যারা ধার নেয় ওর কাছে

             পাওনার তলব নেই তাদের দরজায়।

      মোটের উপর ওরই লোকসান হয় বেশি।

তোমাকে আমি বলি, ওকে গাল দিয়ো যা খুশি,

         আবার হেসো মনে মনে–

                 নইলে ভুল হবে।

      আমি ওকে দেখি কাছের থেকে, মানুষ ব’লে,

                 ভালো মন্দ পেরিয়ে।

তুমি দেখ দূরে ব’সে, বিশেষণের কাঠগড়ায় ওকে খাড়া রেখে।

         আমি ওকে লাঞ্ছনা দিই তোমার চেয়ে বেশি–

                     ক্ষমা করি তোমার চেয়ে বড়ো ক’রে।

                         সাজা দিই, নির্বাসন দিই নে।

         ও আমার কাছেই রয়ে গেল,

                         রাগ কোরো না তাই নিয়ে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত