আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পিয়াসি piyasi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পিয়াসি piyasi [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ পিয়াসি

পিয়াসি piyasi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তো চাহি নি কিছু।

বনের আড়ালে দাঁড়ায়ে ছিলাম

     নয়ন করিয়া নিচু।

তখনো ভোরের আলস-অরুণ

     আঁখিতে রয়েছে ঘোর,

তখনো বাতাসে জড়ানো রয়েছে

     নিশির শিশির-লোর।

নূতন-তৃণের উঠিছে গন্ধ

     মন্দ প্রভাতবায়ে–

তুমি একাকিনী কুটিরবাহিরে

     বসিয়া অশথছায়ে

নবীননবনীনিন্দিত করে

     দোহন করিছে দুগ্ধ,

আমি তো কেবল বিধুর বিভোল

     দাঁড়ায়ে ছিলাম মুগ্ধ।

     আমি তো কহি নি কথা।

বকুলশাখায় জানি না কী পাখি

     কী জানালো ব্যাকুলতা।

আম্রকাননে ধরেছে মুকুল,

     ঝরিছে পথের পাশে–

গুঞ্জনস্বরে দুয়েকটি করে

     মৌমাছি উড়ে আসে।

সরোবরপারে খুলিছে দুয়ার

     শিবমন্দিরঘরে,

সন্ন্যাসী গাহে ভোরের ভজন

     শান্ত গভীর স্বরে।

ঘট লয়ে কোলে বসি তরুতলে

     দোহন করিছ দুগ্ধ,

শূন্য পাত্র বহিয়া মাত্র

     দাঁড়ায়ে ছিলাম লুব্ধ।

     আমি তো যাই নি কাছে।

উতলা বাতাস অলকে তোমার

     কী জানি কী করিয়াছে।

ঘণ্টা তখন বাজিছে দেউলে,

     আকাশ উঠিছে জাগি,

ধরণী চাহিছে ঊর্ধ্বগগনে

     দেবতা-আশিষ মাগি।

গ্রামপথ হতে প্রভাত-আলোতে

     উড়িছে গোখুরধূলি–

উছলিত ঘট বেড়ি কটিতটে

     চলিয়াছে বধূগুলি।

তোমার কাঁকন বাজে ঘনঘন

     ফেনায়ে উঠিছে দুগ্ধ,

পিয়াসী নয়নে ছিনু এক কোণে

     পরান নীরবে ক্ষুব্ধ।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত