আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রজাপতি কবিতা | projapoti kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

প্রজাপতি কবিতাটি [ projapoti kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

প্রজাপতি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ প্রজা-পতি

 

 

প্রজাপতি কবিতা | projapoti kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সকালে উঠেই দেখি

        প্রজাপতি একি

   আমার লেখার ঘরে,

                 শেলফের ‘পরে

        মেলেছে নিস্পন্দ দুটি ডানা–

   রেশমি সবুজ রঙ, তার ‘পরে সাদা রেখা টানা।

   সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ

                 ঘরে ঢুকে সারারাত

        কী ভেবেছে কে জানে তা–

                 কোনোখানে হেথা

        অরণ্যের বর্ণ গন্ধ নাই,

                  গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই।

 

        বিচিত্র বোধের এ ভুবন,

                 লক্ষকোটি মন

   একই বিশ্ব লক্ষকোটি ক’রে জানে

             রূপে রসে নানা অনুমানে।

      লক্ষকোটি কেন্দ্র তারা জগতের,

        সংখ্যাহীন স্বতন্ত্র পথের

             জীবনযাত্রার যাত্রী,

                 দিনরাত্রি

        নিজের স্বাতন্ত্র৻রক্ষা-কাজে

             একান্ত রয়েছে বিশ্ব-মাঝে।

   প্রজাতি বসে আছে যে কাব্যপুঁথির ‘পরে

                 স্পর্শ তারে করে,

                      চক্ষে দেখে তারে,

        তার বেশি সত্য যাহা তাহা একেবারে

                 তার কাছে সত্য নয়–

                      অন্ধকারময়।

        ও জানে কাহারে বলে মধু, তবু

   মধুর কী সে-রহস্য জানে না ও কভু।

        পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ–

                 প্রতিদিন করে তার খোঁজ

                      কেবল লোভের টানে,

                           কিন্তু নাহি জানে

      লোভের অতীত যাহা। সুন্দর যা, অনির্বচনীয়,

                 যাহা প্রিয়,

        সেই বোধ সীমাহীন দূরে আছে

                 তার কাছে।

        আমি যেথা আছি

    মন যে আপন টানে তাহা হতে সত্য লয় বাছি।

 

                 যাহা নিতে নাহি পারে

     তাই শূন্যময় হয়ে নিত্য ব্যাপ্ত তার চারি ধারে।

                 কী আছে বা নাই কী এ,

          সে শুধু তাহার জানা নিয়ে।

জানে না যা, যার কাছে স্পষ্ট তাহা, হয়তো-বা কাছে

        এখনি সে এখানেই আছে

   আমার চৈতন্যসীমা অতিক্রম করি’ বহুদূরে

        রূপের অন্তরদেশে অপরূপপুরে।

                 সে আলোকে তার ঘর

        যে আলো আমার অগোচর।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত