আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শেষ হিসাব কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | নবজাতক কাব্যগ্রন্থ

Table of Content

শেষ হিসাব কবিতাটি [ shesh hisab kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ শেষ হিসাব

শেষ হিসাব কবিতা | shesh hisab kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

চেনাশোনার সাঁঝবেলাতে

          শুনতে আমি চাই–

পথে পথে চলার পালা

          লাগল কেমন, ভাই।

দুর্গম পথ ছিল ঘরেই,

          বাইরে বিরাট পথ–

তেপান্তরের মাঠ কোথা-বা,

          কোথা-বা পর্বত।

কোথা-বা সে চড়াই উঁচু,

          কোথা-বা উতরাই,

                   কোথা-বা পথ নাই।

মাঝে-মাঝে জুটল অনেক ভালো–

          অনেক ছিল বিকট মন্দ,

                   অনেক কুশ্রী কালো।

 

ফিরেছিলে আপন মনের

          গোপন অলিগলি,

পরের মনের বাহির-দ্বারে

          পেতেছে অঞ্জলি।

আশাপথের রেখা বেয়ে

          কতই এলে গেলে,

পাওনা ব’লে যা পেয়েছ

          অর্থ কি তার পেলে।

                   অনেক কেঁদে-কেটে

ভিক্ষার ধন জুটিয়েছিলে

          অনেক রাস্তা হেঁটে।

পথের মধ্যে লুঠেল দস্যু

          দিয়েছিল হানা,

উজাড় করে নিয়েছিল

          ছিন্ন ঝুলিখানা।

অতি কঠিন আঘাত তারা

          লাগিয়েছিল বুকে–

ভেবেছিলুম, চিহ্ন নিয়ে

          সে সব গেছে চুকে।

হাটে-বাটে মধুর যাহা

          পেয়েছিলুম খুঁজি,

মনে ছিল, যত্নের ধন

          তাই রয়েছে পুঁজি।

হায় রে ভাগ্য, খোলো তোমার ঝুলি।

          তাকিয়ে দেখো, জমিয়েছিলে ধূলি।

 

নিষ্ঠুর যে ব্যর্থকে সে

          করে যে বর্জিত,

দৃঢ় কঠোর মুষ্টিতলে

          রাখে সে অর্জিত

নিত্যকালের রতন-কণ্ঠহার;

          চিরমূল্য দেয় সে তারে

                   দারুণ বেদনার।

আর যা-কিছু জুটেছিল

          না চাহিতেই পাওয়া–

আজকে তারা ঝুলিতে নেই,

          রাত্রিদিনের হাওয়া

ভরল তারাই, দিল তারা

          পথে চলার মানে,

রইল তারাই একতারাতে

          তোমার গানে গানে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত