আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হালকা আমার স্বভাব halka amar swobhab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হালকা আমার স্বভাব

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শেষ সপ্তক [ ১৯৩৫  ]

কবিতার শিরনামঃ হালকা আমার স্বভাব

হালকা আমার স্বভাব halka amar swobhab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

হালকা আমার স্বভাব,

মেঘের মতো না হোক

গিরিনদীর মতো।

আমার মধ্যে হাসির কলরব

আজও থামল না।

বেদীর থেকে নেমে আসি,

রঙ্গমঞ্চে বসে বাঁধি নাচের গান,

তার বায়না নিয়েছি প্রভুর কাছে।

কবিতা লিখি,

তার পদে পদে ছন্দের ভঙ্গিমায়

তারুণ্য ওঠে মুখর হয়ে,

ঝিঁঝিট খাম্বাজের ঝংকার দিতে

আজো সে সংকোচ করে না।

আমি সৃষ্টিকর্তা পিতামহের

রহস্য-সখা।

তিনি অর্বাচীন নবীনদের কাছে

প্রবীণ বয়সের প্রমাণ দিতে

ভুলেই গেছেন।

তরুণের উচ্ছৃঙ্খল হাসিতে

উতরোল তাঁর কৌতুক,

তাদের উদ্দাম নৃত্যে

বাজান তিনি দ্রুততালের মৃদঙ্গ।

তাঁর বজ্রমন্দিত গাম্ভীর্য মেঘমেদুর অম্বরে,

অজস্র তাঁর পরিহাস

বিকশিত কাশবনে,

শরতের অকারণ হাস্যহিল্লোলে।

 

 

তাঁর কোনো লোভ নেই

প্রধানদের কাছে মর্যাদা পাবার;

তাড়াতাড়ি কালো পাথর চাপা দেন না

চাপল্যের ঝরনার মুখে।

তাঁর বেলাভূমিতে

ভঙ্গুর সৈকতের ছেলেমানুষি

প্রতিবাদ করে না সমুদ্রের।

আমাকে চান টেনে রাখতে তাঁর বয়স্যদলে,

তাই আমার বার্ধক্যের শিরোপা

হঠাৎ নেন কেড়ে

ফেলে দেন ধুলোয়–

তার উপর দিয়ে নেচে নেচে

চলে যায় বৈরাগী

পাঁচ রঙের তালি-দেওয়া আলখাল্লা পরে।

যারা আমার মূল্য বাড়াতে চায়,

পরায় আমাকে দামি সাজ,

তাদের দিকে চেয়ে

তিনি ওঠেন হেসে,

ও সাজ আর টিঁকতে পায় না

আনমনার অনবধানে।

আমাকে তিনি চেয়েছেন

নিজের অবারিত মজলিসে,

তাই ভেবেছি যাবার বেলায় যাব

মান খুইয়ে,

কপালের তিলক মুছে,

কৌতুকে রসোল্লাসে।

এস আমার অমানী বন্ধুরা

মন্দিরা বাজিয়ে–

তোমাদের ধুলোমাখা পায়ে

যদি ঘুঙুর বাঁধা থাকে

লজ্জা পাব না।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত