আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শূন্য গৃহে কবিতা । shunyo grihe kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শূন্য গৃহে কবিতা [ shunyo grihe kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ শূন্য গৃহে

শূন্য গৃহে কবিতা । shunyo grihe kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কে তুমি দিয়েছ স্নেহ মানবহৃদয়ে,

           কে তুমি দিয়েছ প্রিয়জন!

বিরহের অন্ধকারে             কে তুমি কাঁদাও তারে,

       তুমি কেন গো সাথে কর না ক্রন্দন!

       প্রাণ যাহা চায় তাহা দাও বা না দাও,

           তা বলে কি করুণা পাব না?

দুর্লভ ধনের তরে              শিশু কাঁদে সকাতরে,

       তা বলে কি জননীর বাজে না বেদনা?

       দুর্বল মানব-হিয়া বিদীর্ণ যেথায়,

           মর্মভেদী যন্ত্রণা বিষম,

জীবন নির্ভরহারা             ধুলায় লুটায়ে সারা,

       সেথাও কেন গো তব কঠিন নিয়ম।

       সেথাও জগৎ তব চিরমৌনী কেন,

           নাহি দেয় আশ্বাসের সুখ।

ছিন্ন করি অন্তরাল                   অসীম রহস্যজাল

       কেন না প্রকাশ পায় গুপ্ত স্নেহমুখ!

       ধরণী জননী কেন বলিয়া উঠে না

           –করুণমর্মর কণ্ঠস্বর–

“আমি শুধু ধূলি নই,           বৎস, আমি প্রাণময়ী

       জননী, তোদের লাগি অন্তর কাতর।

 

       “নহ তুমি পরিত্যক্ত অনাথ সন্তান

           চরাচর নিখিলের মাঝে;

তোমার ব্যাকুল স্বর              উঠিছে আকাশ-‘পর,

       তারায় তারায় তার ব্যথা গিয়ে বাজে।”

কাল ছিল প্রাণ জুড়ে, আজ কাছে নাই–

           নিতান্ত সামান্য এ কি নাথ?

তোমার বিচিত্র ভবে               কত আছে কত হবে,

       কোথাও কি আছে প্রভু, হেন বজ্রপাত?

       আছে সেই সূর্যালোক, নাই সেই হাসি–

           আছে চাঁদ, নাই চাঁদমুখ।

শূন্য পড়ে আছে গেহ,           নাই কেহ, নাই কেহ–

       রয়েছে জীবন, নেই জীবনের সুখ।

       সেইটুকু মুখখানি, সেই দুটি হাত,

           সেই হাসি অধরের ধারে,

সে নহিলে এ জগৎ                   শুষ্ক মরুভূমিবৎ–

       নিতান্ত সামান্য এ কি এ বিশ্বব্যাপারে?

       এ আর্তস্বরের কাছে রহিবে অটুট

           চৌদিকের চিরনীরবতা?

সমস্ত মানবপ্রাণ                       বেদনায় কম্পমান

       নিয়মের লৌহবক্ষে বাজিবে না ব্যথা!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত