কাব্যগ্রন্থের নামঃ বিচিত্রতা
কবিতার নামঃ পুষ্প
পুষ্প কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
পুষ্প ছিল বৃক্ষশাখে, হে নারী, তোমার অপেক্ষায়
পল্লবচ্ছায়ায়।
তোমার নিশ্বাস তারে লেগে
অন্তরে সে উঠিয়াছে জেগে,
মুখে তব কী দেখিতে পায়।
সে কহিছে– “বহু পূর্বে তুমি আমি কবে একসাথে
আদিম প্রভাতে
প্রথম আলোকে জেগে উঠি
এক ছন্দে বাঁধা রাখী দুটি
দুজনে পরিনু হাতে হাতে।
“আধো আলো-অন্ধকারে উড়ে এনু মোরা পাশে পাশে
প্রাণের বাতাসে।
একদিন কবে কোন্ মোহে
দুই পথে চলে গেনু দোঁহে
আমাদের মাটির আবাসে।
“বারে বারে বনে বনে জন্ম লই নব নব বেশে
নব নব দেশে।
যুগে যুগে রূপে রূপান্তরে
ফিরিনু সে কী সন্ধান-তরে
সৃজনের নিগূঢ় উদ্দেশে।
“অবশেষে দেখিলাম কত জন্ম-পরে নাহি জানি
ওই মুখখানি।
বুঝিলাম আমি আজও আছি
প্রথমের সেই কাছাকাছি,
তুমি পেলে চরমের বাণী।
“তোমার আমার দেহে আদিছন্দ আছে অনাবিল
আমাদের মিল।
তোমার আমার মর্মতলে
একটি সে মূল সুর চলে,
প্রবাহ তাহার অন্তঃশীল।
“কী যে বলে সেই সুর, কোন্ দিকে তাহার প্রত্যাশা,
জানি নাই ভাষা।
আজ, সখী, বুঝিলাম আমি
সুন্দর আমাতে আছে থামি–
তোমাতে সে হল ভালোবাসা।’
![বিচিত্রতা কাব্যগ্রন্থের পুষ্প কবিতা [Pushpo Kobita] রবীন্দ্রনাথ ঠাকুর 1 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)


![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের ‘প্রাণ’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ pran [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রাণ-pran-কবিতা--1024x536.gif)


![বিচিত্রতা কাব্যগ্রন্থের আশীর্বাদ কবিতা [ Ashirbad Kobita, Bichitra Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 আশীর্বাদ কবিতা বিচিত্রতা কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Bichitra Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/আশীর্বাদ-কবিতা-1024x536.jpg)
![পাড়ায় আছে ক্লাব paray achhe klab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পাড়ায় আছে ক্লাব paray achhe klab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাড়ায়-আছে-ক্লাব-paray-achhe-klab-কবিতা--1024x536.gif)

![অত চুপি চুপি কেন কথা কও oto chupi chupi keno kotha kao [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর অত চুপি চুপি কেন কথা কও oto chupi chupi keno kotha kao [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অত-চুপি-চুপি-কেন-কথা-কও-oto-chupi-chupi-keno-kotha-kao-কবিতা--1024x536.gif)
