আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বিদেশী ফুল bideshi phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বিদেশী ফুল

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ বিদেশী ফুল 

বিদেশী ফুল bideshi phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

          হে বিদেশী-ফুল, যবে আমি পুছিলাম–

                                      “কী তোমার নাম’,

          হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তরে

                                      নামেতে কী হবে।

                             আর কিছু নয়,

                   হাসিতে তোমার পরিচয়।

   হে বিদেশী-ফুল, যবে তোমারে বুকের কাছে ধরে

                      শুধালেম “বলো বলো মোরে

                                      কোথা তুমি থাকো’,

হাসিয়া দুলালে মাথা, কহিলে “জানি না, জানি নাকো’।

                                      বুঝিলাম তবে

                                      শুনিয়া কী হবে

                             থাকো কোন্‌ দেশে।

                   যে তোমারে বোঝে ভালোবেসে

                             তাহার হৃদয়ে তব ঠাঁই,

                                      আর কোথা নাই।

হে বিদেশী-ফুল, আমি কানে কানে শুধানু আবার,

                                         “ভাষা কী তোমার।’

                                      হাসিয়া দুলালে শুধু মাথা,

                                      চারি দিকে মর্মরিল পাতা।

                             আমি কহিলাম, “জানি, জানি,

                                                সৌরভের বাণী

                             নীরবে জানায় তব আশা।

নিশ্বাসে ভরেছে মোর সেই তব নিশ্বাসের ভাষা।’

 

হে বিদেশী-ফুল, আমি যেদিন প্রথম এনু ভোরে

                             শুধালেম, “চেন তুমি মোরে?’

হাসিয়া দুলালে মাথা, ভাবিলাম তাহে একরতি

                                      নাহি কারো ক্ষতি।

          কহিলাম, “বোঝ নি কি তোমার পরশে

                   হৃদয় ভরেছে মোর রসে।

          কেউ বা আমারে চেনে এর চেয়ে বেশি,

                   হে ফুল বিদেশী।’

হে বিদেশী ফুল, যবে তোমারে শুধাই “বলো দেখি

                             মোরে ভুলিবে কি’,

হাসিয়া দুলাও মাথা; জানি জানি মোরে ক্ষণে ক্ষণে

                             পড়িবে যে মনে।

                             দুই দিন পরে

                      চলে যাব দেশান্তরে,

তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা–

                                      মোরে ভুলিবে না।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত