আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বিশ্বশোক bishwashok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বিশ্বশোক

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ বিশ্বশোক

বিশ্বশোক bishwashok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের দিনে লেখনীকে বলি–

           লজ্জা দিয়ো না।

    সকলের নয় যে আঘাত

           ধোরো না সবার চোখে।

    ঢেকো না মুখ অন্ধকারে,

        রেখো না দ্বারে আগল দিয়ে।

    জ্বালো সকল রঙের উজ্জ্বল বাতি,

               কৃপণ হোয়ো না।

অতি বৃহৎ বিশ্ব,

    অম্লান তার মহিমা,

        অক্ষুব্ধ তার প্রকৃতি।

    মাথা তুলেছে দুর্দর্শ সূর্যলোকে,

        অবিচলিত অকরুণ দৃষ্টি তার অনিমেষ,

           অকম্পিত বক্ষ প্রসারিত

               গিরি নদী প্রান্তরে।

        আমার সে নয়,

               সে অসংখ্যের।

    বাজে তার ভেরী সকল দিকে,

           জ্বলে অনিভৃত আলো,

        দোলে পতাকা মহাকাশে।

তার সমুখে লজ্জা দিয়ো না–

    আমার ক্ষতি আমার ব্যথা

        তার সমুখে কণার কণা।

 

এই ব্যথাকে আমার বলে ভুলব যখনি

    তখনি সে প্রকাশ পাবে বিশ্বরূপে।

দেখতে পাব বেদনার বন্যা নামে কালের বুকে

               শাখাপ্রশাখায়;

           ধায় হৃদয়ের মহানদী

সব মানুষের জীবনস্রোতে ঘরে ঘরে।

        অশ্রুধারার ব্রহ্মপুত্র

           উঠছে ফুলে ফুলে

               তরঙ্গে তরঙ্গে;

সংসারের কূলে কূলে

        চলে তার বিপুল ভাঙাগড়া

           দেশে দেশান্তরে।

        চিরকালের সেই বিরহতাপ,

    চিরকালের সেই মানুষের শোক,

নামল হঠাৎ আমার বুকে;

    এক প্লাবনে থর্‌থরিয়ে কাঁপিয়ে দিল

               পাঁজরগুলো–

    সব ধরণীর কান্নার গর্জনে

        মিলে গিয়ে চলে গেল অনন্তে,

           কী উদ্দেশে কে তা জানে।

 

আজকে আমি ডেকে বলি লেখনীকে,

           লজ্জা দিয়ো না।

কূল ছাপিয়ে উঠুক তোমার দান।

           দাক্ষিণ্যে তোমার

        ঢাকা পড়ুক অন্তরালে

           আমার আপন ব্যথা।

    ক্রন্দন তার হাজার তানে মিলিয়ে দিয়ো

               বিশাল বিশ্বসুরে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত