ভালো করে বলে যাও কবিতা [bhalo kore bole jao kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী-কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ মানসী
কবিতার নামঃ ভালো করে বলে যাও
ভালো করে বলে যাও কবিতা । bhalo kore bole jao kobita। কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো, ভালো করে বলে যাও।
বাঁশরি বাজায়ে যে কথা জানাতে
সে-কথা বুঝায়ে দাও।
যদি না বলিবে কিছু, তবে কেন এসে
মুখপানে শুধু চাও!
আজি অন্ধতামসী নিশি।
মেঘের আড়ালে গগনের তারা
সবগুলি গেছে মিশি।
শুধু বাদলের বায় করি হায়-হায়
আকূলিছে দশ দিশি।
আমি কুন্তল দিব খুলে।
অঞ্চলমাঝে ঢাকিব তোমায়
নিশীথনিবিড় চুলে।
ছুটি বাহুপাশে বাঁধি নত মুখখানি
বক্ষে লইব তুলে।
সেথা নিভৃতনিলয়সুখে
আপনার মনে বলে যেয়ো কথা
মিলনমুদিত বুকে,
আমি নয়ন মুদিয়া শুনিব কেবল
চাহিব না মুখে মুখে।
যবে ফুরাবে তোমার কথা
যে যেমন আছি রহিব বসিয়া
চিত্রপুতলি যথা।
শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি
মর্মর তরুলতা।
শেষে রজনীর অবসানে
অরুণ উদিলে, ক্ষণেকের তরে
চাব দুঁহু দোঁহা-পানে।
ধীরে ঘরে যাব ফিরে দোঁহে দুই পথে
জলভরা দু’নুয়ানে।
তবে ভালো করে বলে যাও।
আঁখিতে বাঁশিতে যে কথা ভাষিতে
সে কথা বুঝায়ে দাও।
শুধু কম্পিত সুরে আধো ভাষা পূরে
কেন এসে গান গাও!


![দুঃসময় duhsamay [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর দুঃসময় duhsamay [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দুঃসময়-duhsamay-কবিতা--1024x536.gif)





![পূরবী কাব্যগ্রন্থের শেষ বসন্ত কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বসন্ত shesh bosonto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শেষ-বসন্ত-shesh-bosonto-কবিতা--1024x536.gif)
