আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মধ্যাহ্ন কবিতা । modhyanna Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মধ্যাহ্ন কবিতাটি [ modhyanna kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ মধ্যাহ্ন

মধ্যাহ্ন কবিতা । modhyanna Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বেলা দ্বিপ্রহর।

ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর

স্থির স্রোতোহীন। অর্ধমগ্ন তরী-‘পরে

মাছরাঙা বসি, তীরে দুটি গোরু চরে

শষ্যহীন মাঠে। শান্তনেত্রে মুখ তুলে

মহিষ রয়েছে জলে ডুবি। নদীকূলে

জনহীন নৌকা বাঁধা। শূন্য ঘাটতলে

রৌদ্রতপ্ত দাঁড়কাক স্নান করে জলে

পাখা ঝটপটি। শ্যামশষ্পতটে তীরে

খঞ্জন দুলায়ে পুচ্ছ নৃত্য করি ফিরে।

চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষভরে

আকাশে ভাসিয়া উড়ে, শৈবালের ‘পরে

ক্ষণে ক্ষণে লভিয়া বিশ্রাম। রাজহাঁস

অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাষ

শুভ্র পক্ষ ধৌত করে সিক্ত চঞ্চুপুটে।

শুষ্কতৃণগন্ধ বহি ধেয়ে আসে ছুটে

তপ্ত সমীরণ–চলে যায় বহু দূর।

থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর

কলহে মাতিয়া। কভু শান্ত হাম্বাস্বর,

কভু শালিখের ডাক, কখনো মর্মর

জীর্ণ অশথের, কভু দূর শূন্য-‘পরে

চিলের সুতীব্র ধ্বনি, কভু বায়ুভরে

আর্ত শব্দ বাঁধা তরণীর–মধ্যাহ্নের

অব্যক্ত করুণ একতান, অরণ্যের

স্নিগ্ধচ্ছায়া, গ্রামের সুষুপ্ত শান্তিরাশি,

মাঝখানে বসে আছি আমি পরবাসী।

 

 

প্রবাসবিরহদুঃখ মনে নাহি বাজে;

আমি মিলে গেছি যেন সকলের মাঝে;

ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে

বহুকাল পরে–ধরণীর বক্ষতলে

পশু পাখি পতঙ্গম সকলের সাথে

ফিরে গেছি যেন কোন্‌ নবীন প্রভাতে

পূর্বজন্মে, জীবনের প্রথম উল্লাসে

আঁকড়িয়া ছিনু যবে আকাশে বাতাসে

জলে স্থলে, মাতৃস্তনে শিশুর মতন–

আদিম আনন্দরস করিয়া শোষণ।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত