আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

যথাস্থান jothasthan [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

যথাস্থান jothasthan [ কবি-তা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবি-তার শিরোনামঃ যথাস্থান

যথাস্থান jothasthan [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন্‌ হাটে তুই বিকোতে চাস

      ওরে আমার গান,

                    কোন্‌খানে তোর স্থান?

        পন্ডিতেরা থাকেন যেথায়

                    বিদ্যেরত্ন-পাড়ায়–

        নস্য উড়ে আকাশ জুড়ে

                    কাহার সাধ্য দাঁড়ায়,

        চলছে সেথায় সূক্ষ্ণ তর্ক

                    সদাই দিবারাত্র

        “পাত্রাধার কি তৈল কিম্বা

                    তৈলাধার কি পাত্র’।

        পুঁথিপত্র মেলাই আছে

                    মোহধ্বান্তনাশন,

        তারি মধ্যে একটি প্রান্তে

                    পেতে চাস কি আসন?

                                গান তা শুনি গুঞ্জরিয়া

                                     গুঞ্জরিয়া কহে–

                                          নহে নহে নহে।

কোন্‌ হাটে তুই বিকোতে চাস

      ওরে আমার গান,

                  কোন্‌ দিকে তোর টান?

            পাষাণ-গাঁথা প্রাসাদ-‘পরে

                        আছেন ভাগ্যবন্ত,

            মেহাগিনির মঞ্চ জুড়ি

                      পঞ্চ হাজার গ্রন্থ–

             সোনার জলে দাগ পড়ে না,

                      খোলে না কেউ পাতা,

             অ-স্বাদিতমধু যেমন

                      যূথী অনাঘ্রাতা।

             ভৃত্য নিত্য ধুলা ঝাড়ে

                      যত্ন পুরা মাত্রা,

             ওরে আমার ছন্দোময়ী,

                      সেথায় করবি যাত্রা?

                               গান তা শুনি কর্ণমূলে

                                    মর্মরিয়া কহে–

                                         নহে নহে নহে।

কোন্‌ হাটে তুই বিকোতে চাস

       ওরে আমার গান,

                     কোথায় পাবি মান?

            নবীন ছাত্র ঝুঁকে আছে

                      এক্‌জামিনের পড়ায়,

            মনটা কিন্তু কোথা থেকে

                      কোন্‌ দিকে যে গড়ায়,

            অপাঠ্য সব পাঠ্য কেতাব

                      সামনে আছে খোলা,

            কর্তৃজনের ভয়ে কাব্য

                      কুলুন্গিতে তোলা–

            সেইখানেতে ছেঁড়াছড়া

                      এলোমোলোর মেলা,

            তারি মধ্যে ওরে চপল,

                      করবি কি তুই খেলা?

                           গান তা শুনে মৌনমুখে

                                 রহে দ্বিধার ভরে–

                                      যাব-যাব করে।

কোন্‌ হাটে তুই বিকোতে চাস

       ওরে আমার গান,

                    কোথায় পাবি ত্রাণ?

            ভান্ডারেতে লক্ষ্মী বধূ

                     যেথায় আছে কাজে,

            ঘরে ধায় সে ছুটি পায় সে

                     যখন মাঝে মাঝে,

            বালিশ-তলে বইটি চাপা

                     টানিয়া লয় তারে,

            পাতাগুলিন ছেঁড়াখোঁড়া

                      শিশুর অত্যাচারে–

            কাজল-আঁকা সিঁদুরমাখা

                       চুলের-গন্ধে-ভরা

            শয্যাপ্রান্তে ছিন্ন বেশে

                        চাস কি যেতে ত্বরা?

                             বুকের ‘পরে নিশ্বসিয়া

                                  স্তব্ধ রহে গান–

                                       লোভে কম্পমান।

কোন্‌ হাটে তুই বিকোতে চাস

      ওরে আমার গান,

                        কোথায় পাবি প্রাণ?

            যেথায় সুখে তরুণ যুগল

                        পাগল হয়ে বেড়ায়,

            আড়াল বুঝে আঁধার খুঁজে

                        সবার আঁখি এড়ায়,

            পাখি তোদের শোনায় গীতি,

                        নদী শোনায় গাথা,

            কত রকম ছন্দ শোনায়

                        পুষ্প লতা পাতা–

           সেইখানেতে সরল হাসি

                       সজল চোখের কাছে

           বিশ্ববাঁশির ধ্বনির মাঝে

                  যেতে কি সাধ আছে?

                        হঠাৎ উঠে উচ্ছ্বসিয়া

                             কহে আমার গান–

                                  সেইখানে মোর স্থান।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত