আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বোঝাপড়া bojhapora [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বোঝাপড়া bojhapora [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ বোঝাপড়া

বোঝাপড়া bojhapora [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

       মনেরে আজ কহ যে,

ভালো মন্দ যাহাই আসুক

       সত্যেরে লও সহজে।

             কেউ বা তোমায় ভালোবাসে

                  কেউ বা বাসতে পারে না যে,

             কেউ বিকিয়ে আছে, কেউ বা

                  সিকি পয়সা ধারে না যে,

             কতকটা যে স্বভাব তাদের

                  কতকটা বা তোমারো ভাই,

             কতকটা এ ভবের গতিক–

                  সবার তরে নহে সবাই।

             তোমায় কতক ফাঁকি দেবে

                  তুমিও কতক দেবে ফাঁকি,

             তোমার ভোগে কতক পড়বে

                  পরের ভোগে থাকবে বাকি,

             মান্ধাতারই আমল থেকে

                  চলে আসছে এমনি রকম–

             তোমারি কি এমন ভাগ্য

                  বাঁচিয়ে যাবে সকল জখম!

                                  মনেরে আজ কহ যে,

                            ভালো মন্দ যাহাই আসুক

                                  সত্যেরে লও সহজে।

              অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি

                   এলে সুখের বন্দরেতে,

              জলের তলে পাহাড় ছিল

                   লাগল বুকের অন্দরেতে,

              মুহূর্তেকে পাঁজরগুলো

                   উঠল কেঁপে আর্তরবে–

              তাই নিয়ে কি সবার সঙ্গে

                   ঝগড়া করে মরতে হবে?

              ভেসে থাকতে পার যদি

                   সেইটে সবার চেয়ে শ্রেয়,

              না পার তো বিনা বাক্যে

                   টুপ করিয়া ডুবে যেয়ো।

              এটা কিছু অপূর্ব নয়,

                   ঘটনা সামান্য খুবই–

              শঙ্কা যেথায় করে না কেউ

                   সেইখানে হয় জাহাজ-ডুবি।

                                           মনেরে তাই কহ যে,

                                      ভালো মন্দ যাহাই আসুক

                                           সত্যেরে লও সহজে।

              তোমার মাপে হয় নি সবাই

                   তুমিও হও নি সবার মাপে,

              তুমি মর কারো ঠেলায়

                   কেউ বা মরে তোমার চাপে–

              তবু ভেবে দেখতে গেলে

                   এমনি কিসের টানাটানি?

              তেমন করে হাত বাড়ালে

                   সুখ পাওয়া যায় অনেকখানি।

              আকাশ তবু সুনীল থাকে,

                   মধুর ঠেকে ভোরের আলো,

              মরণ এলে হঠাৎ দেখি

                   মরার চেয়ে বাঁচাই ভালো।

              যাহার লাগি চক্ষু বুজে

                   বহিয়ে দিলাম অশ্রুসাগর

              তাহারে বাদ দিয়েও দেখি

                    বিশ্বভুবন মস্ত ডাগর।

                                        মনেরে তাই কহ যে,

                                    ভালো মন্দ যাহাই আসুক

                                        সত্যেরে লও সহজে।

              নিজের ছায়া মস্ত করে

                   অস্তাচলে বসে বসে

              আঁধার করে তোল যদি

                   জীবনখানা নিজের দোষে,

              বিধির সঙ্গে বিবাদ করে

                   নিজের পায়েই কুড়ুল মার,

              দোহাই তবে এ কার্যটা

                   যত শীঘ্র পার সারো।

              খুব খানিকটে কেঁদে কেটে

                   অশ্রু ঢেলে ঘড়া ঘড়া

              মনের সঙ্গে এক রকমে

                    করে নে ভাই, বোঝাপড়া।

              তাহার পরে আঁধার ঘরে

                   প্রদীপখানি জ্বালিয়ে তোলো–

              ভুলে যা ভাই, কাহার সঙ্গে

                   কতটুকুন তফাত হল।

                                      মনেরে তাই কহ যে,

                                 ভালো মন্দ যাহাই আসুক

                                      সত্যেরে লও সহজে।

বোঝাপড়া bojhapora [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত