আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

শেষ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ শেষ

শেষ shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

হে অশেষ, তব হাতে শেষ

                  ধরে কী অপূর্ব বেশ,

                      কী মহিমা।

                  জ্যোতির্হীন সীমা

                মৃত্যুর অগ্নিতে জ্বলি

                             যায় গলি,

       গড়ে তোলে অসীমের অলংকার।

হয় সে অমৃতপাত্র, সীমার ফুরালে অহংকার।

       শে’ষের দীপালিরাত্রে,হে অশে’ষ,

অমা-অন্ধকার-রন্ধ্রে দেখা যায় তোমার উদ্দেশ।

           ভোরের বাতাসে

       শেফালি ঝরিয়া পড়ে ঘাসে,

তারাহারা রাত্রির বীণার

           চরম ঝংকার।

       যামিনীর তন্দ্রাহীন দীর্ঘ পথ ঘুরি

প্রভাত-আকাশে চন্দ্র, করুণ মাধুরী

        শে’ষ করে যায় তার

উদয়সূর্যের পানে শান্ত নমস্কার।

       যখন কর্মের দিন

           ম্লান ক্ষীণ

গোষ্ঠ-চলা ধেনুসম সন্ধ্যার সমীরে

       চলে ধীরে আঁধারের তীরে —

      তখন সোনার পাত্র হতে

           কী অজস্র স্রোতে

তাহারে করাও স্নান অন্তিমের সৌন্দর্যধারায়।

       যখন বর্ষার মেঘ নিঃশে’ষে হারায়

                 বর্ষণের সকল সম্বল,

শরতে শিশুর জন্ম দাও তারে শুভ্র সমুজ্জল।

 

       হে অশে’ষ, তোমার অঙ্গনে

   ভারমুক্ত তার সাথে ক্ষণে ক্ষণে

           খেলায় রঙের খেলা,

       ভাসায়ে আলোর ভেলা,

  বিচিত্র করিয়া তোল তার শে’ষ বেলা।

  ক্লান্ত আমি তারি লাগি, অন্তর তৃষিত —

কত দূরে আছে সেই খেলাভরা মুক্তির অমৃত।

       বধূ যথা গোধূলিতে শে’ষ ঘট ভরে

বেণুচ্ছায়াঘন পথে অন্ধকারে ফিরে যায় ঘরে,

       সেই মতো, হে সুন্দর, মোর অবসান

              তোমার মাধুরী হতে

                      সুধাস্রোতে

       ভরে নিতে চায় তার দিনান্তের গান।

           হে ভীষণ, তব স্পর্শঘাত

                  অকস্মাৎ

           মোর গূঢ় চিত্ত হতে কবে

  চরম বেদনা-উৎস মুক্ত করি অগ্নিমহোৎসবে

          অপূর্ণের যত দুঃখ যত অসম্মান

উচ্ছ্বসিত রুদ্র হাস্যে করি দিবে শে’ষ দীপ্যমান।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত