রাতের দান কবিতাটি [ rater-dan kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
রাতের দান rater dan
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ রাতের দান rater dan
রাতের দান কবিতা | rater dan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
পথের শেষে নিবিয়া আসে আলো,
গানের বেলা আজ ফুরালো
কী নিয়ে তবে কাটিবে তব সন্ধ্যা।
রাত্রি নহে বন্ধ্যা,
অন্ধকারে না-দেখা ফুল ফুটায়ে তোলে সে যে–
দিনের অতি নিঠুর খর তেজে
যে-ফুল ফুটিল না,
যাহার মধুকণা
বনভূমির প্রত্যাশাতে গোপনে ছিল বলে
গিয়েছে কবে আকাশপথে চলে
তোমার উপবনের মৌমাছি
কৃপণ বনবীথিকাতলে বৃথা করুণা যাচি।
আঁধারে-ফোটা সে ফুল নহে ঘরেতে আনিবার
সে-ফুলদলে গাঁথিবে না তো হার;
সে শুধু বুকে আনে
গন্ধ-ঢাকা নিভৃত অনুমানে
দিনের ঘন জনতামাঝে হারানো আঁখিখানি,
মৌনে-ডোবা বাণী;
সে শুধু আনে পাই নি যারে তাহারই পরিচিতি,
ঘটে নি যাহা ব্যাকুল তারই স্মৃতি।
স্বপনে-ঘেরা সুদূর তারা নিশার-ডালি-ভরা
দিয়েছে দেখা, দেয় নি তবু ধরা;
রাতের ফুল দূরের ধ্যানে তেমনি কথা কবে,
অনধিগত সার্থকতা বুঝাবে অনুভবে,
না-জানা সেই না-ছোঁওয়া সেই পথের শেষ দান
বিদায়বেলা ভরিবে তব প্রাণ।


![ছবি ও গান কাব্যগ্রন্থের ‘জাগ্রত স্বপ্ন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর জাগ্রত স্বপ্ন jaagrata swapna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জাগ্রত-স্বপ্ন-jaagrata-swapna-কবিতা--1024x536.gif)









