আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

জন্মান্তর jonmantor [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

জন্মান্তর jonmantor [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ জন্মান্তর

জন্মান্তর jonmantor [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি       ছেড়েই দিতে রাজি আছি

                        সুসভ্যতার আলোক,

আমি       চাই না হতে নববঙ্গ

                        নব যুগের চালক।

আমি       নাই বা গেলেম বিলাত,

নাই বা    পেলেম রাজার খিলাত,

যদি        পরজন্মে পাই রে হতে

                        ব্রজের রাখাল বালক

তবে       নিবিয়ে দেব নিজের ঘরে

                        সুসভ্যতার আলোক।

যারা       নিত্য কেবল ধেনু চরায়

                        বংশীবটের তলে,

যারা       গুঞ্জা ফুলের মালা গেঁথে

                        পরে পরায় গলে,

যারা       বৃন্দাবনের বনে

সদাই      শ্যামের বাঁশি শোনে,

যারা       যমুনাতে ঝাঁপিয়ে পড়ে

                        শীতল কালো জলে–

যারা       নিত্য কেবল ধেনু চরায়

                        বংশীবটের তলে।

“ওরে       বিহান হল, জাগো রে ভাই’

                        ডাকে পরস্পরে।

ওরে       ওই-যে দধি-মন্থ-ধ্বনি

                        উঠল ঘরে ঘরে।

হেরো      মাঠের পথে ধেনু

চলে       উড়িয়ে গো-খুর-রেণু,

হেরো      আঙিনাতে ব্রজের বধূ

                        দুগ্ধ দোহন করে।

“ওরে       বিহান হল, জাগো রে ভাই’

                        ডাকে পরস্পরে।

ওরে       শাঙন-মেঘের ছায়া পড়ে

                        কালো তমাল-মূলে,

ওরে       এপার ওপার আঁধার হল

                        কালিন্দীরই কূলে।

ঘাটে       গোপাঙ্গনা ডরে

কাঁপে      খেয়া তরীর ‘পরে,

হেরো      কুঞ্জবনে নাচে ময়ূর

                        কলাপখানি তুলে।

ওরে       শাঙন-মেঘের ছায়া পড়ে

                        কালো তমাল-মূলে।

মোরা      নবনবীন ফাগুন-রাতে

                        নীল নদীর তীরে

কোথা     যাব চলি অশোকবনে

                        শিখিপুচ্ছ শিরে।

যবে        দোলার ফুলরশি

দিবে       নীপশাখায় কষি

যবে        দখিন-বায়ে বাঁশির ধ্বনি

                        উঠবে আকাশ ঘিরে

মোরা      রাখাল মিলে করব মেলা

                        নীল নদীর তীরে।

আমি       হব না ভাই নববঙ্গ

                        নবযুগের চালক,

আমি       জ্বালাব না আঁধার দেশে

                        সুসভ্যতার আলোক।

যদি        ননি-ছানার গাঁয়ে

কোথাও   অশোক-নীপের ছায়ে

আমি       কোনো জন্মে পারি হতে

                        ব্রজের গোপবালক

তবে       চাই না হতে নববঙ্গ

                        নবযুগের চালক।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত