আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দুর্দিন durdin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দুর্দিন durdin [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ দুর্দিন

দুর্দিন durdin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

এতদিন পরে প্রভাতে এসেছ

            কী জানি কী ভাবি মনে।

ঝড় হয়ে গেছে কাল রজনীতে

            রজনীগন্ধাবনে।

কাননের পথ ভেসে গেছে জলে,

বেড়াগুলি ভেঙে পড়েছে ভূতলে,

নব ফুটন্ত ফুলের দণ্ড

            লুটায় তৃণের সনে।

এতদিন পরে তুমি যে এসেছ

            কী জানি কী ভাবি মনে।

হেরো গো আজিও প্রভাত অরুণ

            মেঘের আড়ালে হারা,

রহি রহি আজো ঘনায়ে ঘনায়ে

            ঝরিছে বাদলধারা।

মাতাল বাতাস আজো থাকি থাকি

চেতিয়া চেতিয়া উঠে ডাকি ডাকি,

জড়িত পাতায় সিক্ত শাখায়

            দোয়েল দেয় না সাড়া।

আজিও আঁধার প্রভাতে অরুণ

            মেঘের আড়ালে হারা।

এ ভরা বাদলে আর্দ্র আঁচলে

            একেলা এসেছ আজি,

এনেছ বহিয়া রিক্ত তোমার

            পূজার ফুলের সাজি।

এত মধুমাস গেছে বার বার–

ফুলের অভাব ঘটে নি তোমার,

বন আলো করি ফুটেছিল যবে

           রজনীগন্ধারাজি।

এ ভরা বাদলে আর্দ্র আঁচলে

          একেলা এসেছ আজি।

আজি তরুতলে দাঁড়ায়েছে জল,

            কোথা বসিবার ঠাঁই?

কাল যাহা ছিল সে ছায়া সে আলো

            সে গন্ধগান নাই।

তবু ক্ষণকাল রহ ত্বরাহীন,

ছিন্ন কুসুম পঙ্কে মলিন

ভূতল হইতে যতনে তুলিয়া

            ধুয়ে ধুয়ে দিব তাই।

আজি তরুতলে দাঁড়ায়েছে জল,

            কোথা বসিবার ঠাঁই?

এত দিন পরে তুমি যে এসেছ

            কী জানি কী ভাবি মনে।

প্রভাত আজিকে অরুণবিহীন,

            কুসুম লুটায় বনে।

যাহা আছে লও প্রসন্ন করে,

ও সাজি তোমার ভরে কি না ভরে

ওই যে আবার নামে বারিধার

                 ঝরঝর বরষনে।

এতদিন পরে তুমি যে এসেছ

            কী জানি কী ভাবি মনে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত