আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দোসর dosor [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দোসর

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ দোসর

দোসর dosor [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

   দো’সর আমার, দো’সর ওগো, কোথা থেকে

   কোন্‌ শিশুকাল হতে আমায় গেলে ডেকে।

       তাই তো আমি চিরজনম একলা থাকি,

সকল বাঁধন টুটল আমার, একটি কেবল রইল বাকি —

      সেই তো তোমার ডাকার বাঁধন, অলখ ডোরে

                    দিনে দিনে বাঁধল মোরে।

     দো’সর ওগো, দো’সর আমার, সে ডাক তব

     কত ভাষায় কয় যে কথা নব নব।

           চমকে উঠে ছুটি যে তাই বাতায়নে,

সকল কাজে বাধা পড়ে, বসে থাকি আপন-মনে–

           পারের পাখি আকাশে ধায় উধাও গানে

                          চেয়ে থাকি তাহার পানে।

      দো’সর আমার,দো’সর ওগো, যে বাতাসে

       বসন্ত তার পুলক জাগায় ঘাসে ঘাসে,

          ফুল-ফোটানো তোমার লিপি সেই কি আনে।

গুঞ্জরিয়া মর্মরিয়া কী বলে যায় কানে কানে,

           কে যেন তা বোঝে আমার বক্ষতলে,

                     ভাসে নয়ন অশ্রুজলে।

 

        দো’সর ওগো, দো’সর আমার, কোন্‌ সুদূরে

         ঘরছাড়া মোর ভাব্‌না-বাউল বেড়ায় ঘুরে।

            তারে যখন শুধাই, সে তো কয় না কথা,

     নিয়ে আসে স্তব্ধ গভীর নীলাম্বরের নীরবতা।

              একতারা তার বাজায় কভু গুন্‌গুনিয়ে,

                         রাত কেটে যায় তাই শুনিয়ে।

          দো’সর ওগো, দো’সর আমার, উঠল হাওয়া–

           এবার তবে হোক আমাদের তরী বাওয়া।

                দিনে দিনে পূর্ণ হল ব্যথায় বোঝা,

     তীরে তীরে ভাঙন লাগে, মিথ্যে কিসের বাসা খোঁজা।

                 একে একে সকল রশি গেছে খুলে,

                    ভাসিয়ে এবার দাও অকূলে।

          দো’সর ওগো, দো’সর আমার, দাও-না দেখা–

           সময় হল, একার সাথে মিলুক একা।

           নিবিড় নীরব অন্ধকারে রাতের বেলায়

     অনেক দিনের দূরের ডাকা পূর্ণ করো কাছের খেলায়–

           তোমায় আমায় নতুন পালা হোক-না এবার

                        হাতে হাতে দেবার নেবার।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত