আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পরিশেষ কাব্যগ্রন্থের আরেক দিন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আরেক দিন -রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্যগ্রন্থের নামঃ পরিশেষ। কবিতার শিরনামঃ আরেক দিন।

পরিশেষ কাব্যগ্রন্থের আরেক দিন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

 স্পষ্ট মনে জাগে,

                তিরিশ বছর আগে

তখন আমার বয়স পঁচিশ– কিছুকালের তরে

এই দেশেতেই এসেছিলেম, এই বাগানের ঘরে।

            সূর্য যখন নেমে যেত নীচে

       দিনের শেষে ওই পাহাড়ে পাইনশাখার পিছে,

             নীল শিখরের আগায় মেঘে মেঘে

             আগুনবরন কিরণ রইত লেগে,

       দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পর্বতে পর্বতে–

         সামনেতে ওই কাঁকর-ঢালা পথে

            দিনের পরে দিনে

ডাক-পিয়নের পায়ের ধ্বনি নিত্য নিতেম চিনে।

         মাসের পরে মাস গিয়েছে, তবু

         একবারো তার হয় নি কামাই কভু।

 

আজও তেমনি সূর্য ডোবে সেইখানেতেই এসে

      পাইন-বনের শেষে,

         সুদূর শৈলতলে

      সন্ধ্যাছায়ার ছন্দ বাজে ঝরনাধারার জলে,

      সেই সেকালের মতোই তেমনিধারা

         তারার পরে তারা

            আলোর মন্ত্র চুপি চুপি শুনায় কানে পর্বতে পর্বতে;

            শুধু আমার কাঁকর-ঢালা পথে

                 বহুকালের চেনা

        ডাক-পিয়নের পায়ের ধ্বনি একদিনও বাজবে না।

আজকে তবু কী প্রত্যাশা জাগল আমার মনে,–

          চলতে চলতে গেলেম অকারণে

ডাকঘরে সেই মাইল-তিনেক দূরে।

     দ্বিধা ভরে মিনিট কুড়িক এ-দিক ও-দিক ঘুরে

           ডাকবাবুদের কাছে

     শুধাই এসে, “আমার নামে চিঠিপত্তর আছে?’

           জবাব পেলেম,”কই, কিছু তো নেই।’

     শুনে তখন নতশিরে আপন-মনেতেই

           অন্ধকারে ধীরে ধীরে

     আসছি যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে,

           শুনতে পেলেম পিছন দিকে

     করুণ গলায় কে অজানা বললে হঠাৎ কোন্‌ পথিকে,–

           “মাথা খেয়ো, কাল কোরো না দেরি।’

     ইতিহাসের বাকিটুকু আঁধার দিল ঘেরি।

বক্ষে আমার বাজিয়ে দিল গভীর বেদনা সে

       পঁচিশ বছর-বয়স-কালের ভুবনখানির একটি দীর্ঘশ্বাসে,

       যে-ভুবনে সন্ধ্যাতারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে

কাঁকর-ঢালা পথের ‘পরে ডাক-পিয়নের পদধ্বনির সুরে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত