আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অগ্রদূত কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । পরিশেষ

Table of Content

অগ্রদূত কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । পরিশেষ

কাব্যগ্রন্থের নামঃ পরিশেষ

কবিতার শিরনামঃ অগ্রদূত

 

অগ্রদূত কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । পরিশেষ

   হে পথিক, তুমি একা।

আপনার মনে জানি না কেমনে

           অদেখার পেলে দেখা।

যে-পথে পড়ে নি পায়ের চিহ্ন

           সে পথে চলিলে রাতে,

আকাশে দেখেছ কোন্‌ সংকেত,

           কারেও নিলে না সাথে।

তুঙ্গগিরির উঠিছ শিখরে

           যেখানে ভোরের তারা

অসীম আলোকে করিছে আপন

           আলোর যাত্রা সারা।

 

প্রথম যেদিন ফাল্গুনতাপে

           নবনির্ঝর জাগে,

মহাসুদূরের অপরূপ রূপ

           দেখিতে সে পায় আগে।

আছে আছে আছে, এই বাণী তার

           এক নিমেষেই ফুটে,

অচেনা পথের আহ্বান শুনে

           অজানার পানে ছুটে।

সেইমতো এক অকথিত ভাষা

           ধ্বনিল তোমার মাঝে,

আছে আছে আছে, এ মহামন্ত্র

           প্রতি নিশ্বাসে বাজে।

রোধিয়াছে পথ বন্ধুর করি

           অচল শিলার স্তূপ।

নহে নহে নহে, এ নিষেধবাণী

           পাষাণে ধরেছে রূপ।

জড়ের সে নীতি করে গর্জন

           ভীরুজন মরে দুলে,

জনহীন পথে সংশয়মোহ

           রহে তর্জনী তুলে।

অলস মনের আপনারি ছায়া

           শঙ্কিল কায়া ধরে,

অতি নিরাপদ বিনাশের তলে

           বাঁচিতে চেয়ে সে মরে।

 

 

নবজীবনের সংকটপথে

           হে তুমি অগ্রগামী,

তোমার যাত্রা সীমা মানিবে না

           কোথাও যাবে না থামি।

শিখরে শিখরে কেতন তোমার

           রেখে যাবে নব নব,

দুর্গম-মাঝে পথ করি দিবে,–

           জীবনের ব্রত তব।

যত আগে যাবে দ্বিধা সন্দেহ

           ঘুচে যাবে পাছে পাছে,

পায়ে পায়ে তব ধ্বনিয়া উঠিবে

           মহাবাণী — “আছে আছে।’

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত