আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পূরবী কাব্যগ্রন্থের দান কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দান -রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ দান

পূরবী কাব্যগ্রন্থের দান কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁকনজোড়া এনে দিলেম যবে

       ভেবেছিলেম হয়তো খুশি হবে।

তুলে তুমি নিলে হাতের ‘পরে,

ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে,

পরেছিলে হয়তো গিয়ে ঘরে,

       হয়তো বা তা রেখেছিলে খুলে।

     এলে যেদিন বিদায় নেবার রাতে

     কাঁকন-দুটি দেখি নাই তো হাতে,

                   হয়তো এলে ভুলে।

       দেয় যে জনা কী দশা পায় তাকে।

       দেওয়ার কথা কেনই মনে রাখে।

পাকা যে ফল পড়ল মাটির টানে

শাখা আবার চায় কি তাহার পানে।

বাতাসেতে উড়িয়ে-দেওয়া গানে

       তারে কি আর স্মরণ করে পাখি।

     দিতে যারা জানে এ সংসারে

     এমন করেই তারা দিতে পারে

                   কিছু না রয় বাকি।

 

     নিতে যারা জানে তারাই জানে,

     বোঝে তারা মূল্যটি কোন্‌খানে।

তারাই জানে বুকের রত্নহারে

সেই মণিটি কজন দিতে পারে

হৃদয় দিয়ে দেখিতে হয় যারে —

            যে পায় তারে পায় সে অবহেলে।

     পাওয়ার মতন পাওয়া যারে কহে

     সহজ বলেই সহজ তাহা নহে,

                 দৈবে তারে মেলে।

     ভাবি যখন ভেবে না পাই তবে

     দেবার মতো কী আছে এই ভবে।

কোন্‌ খনিতে কোন্‌ ধনভাণ্ডারে

সাগরতলে কিম্বা সাগরপারে

যক্ষরাজের লক্ষমণির হারে

           যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে!

     তাই তো বলি যা কিছু মোর দান

     গ্রহণ করেই করবে মূল্যবান

                 আপন হৃদয় দিয়ে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত