আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

বালক balak

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছড়ার ছবি [ ১৯৩৭ ]

কবিতার শিরনামঃ বালক balak 

বালক balak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

বয়স তখন ছিল কাঁচা; হালকা দেহখানা

ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা।

উড়ত পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক,

বারান্দাটার রেলিং-‘পরে ডাকত এসে কাক।

ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে,

তপসিমাছের ঝুড়ি নিত গামছা দিয়ে ঢেকে।

বেহালাটা হেলিয়ে কাঁধে ছাদের ‘পরে দাদা,

সন্ধ্যাতারার সুরে যেন সুর হত তাঁর সাধা।

জুটেছি বৌদিদির কাছে ইংরেজি পাঠ ছেড়ে,

মুখখানিতে-ঘের-দেওয়া তাঁর শাড়িটি লালপেড়ে।

চুরি ক’রে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে

স্নেহের রাগে রাগিয়ে দিতেম নানান উপদ্রবে।

কঙ্কালী চাটুজ্জে হঠাৎ জুটত সন্ধ্যা হলে;

বাঁ হাতে তার থেলো হুঁকো, চাদর কাঁধে ঝোলে।

দ্রুত লয়ে আউড়ে যেত লবকুশের ছড়া;

থাকত আমার খাতা লেখা, পড়ে থাকত পড়া–

মনে মনে ইচ্ছে হত, যদিই কোনো ছলে

ভর্তি হওয়া সহজ হত এই পাঁচালির দলে

ভাব্‌না মাথায় চাপত নাকো ক্লাসে ওঠার দায়ে,

গান শুনিয়ে চলে যেতুম নতুন নতুন গাঁয়ে।

 

স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে

হঠাৎ দেখি, মেঘ নেমেছে ছাদের কাছে ঘেঁষে।

আকাশ ভেঙে বৃষ্টি নামে, রাস্তা ভাসে জলে,

ঐরাবতের শুঁড় দেখা দেয় জল-ঢালা সব নলে।

অন্ধকারে শোনা যেত রিম্‌ঝিমিনি ধারা,

রাজপুত্র তেপান্তরে কোথা সে পথহারা।

ম্যাপে যে-সব পাহাড় জানি, জানি যে-সব গাঙ

কুয়েন্‌লুন আর মিসিসিপি ইয়াংসিকিয়াং,

জানার সঙ্গে আধেক-জানা, দূরের থেকে শোনা,

নানা রঙের নানা সুতোয় সব দিয়ে জাল-বোনা,

নানারকম ধ্বনির সঙ্গে নানান চলাফেরা

সব দিয়ে এক হালকা জগৎ মন দিয়ে মোর ঘেরা,

ভাব্‌নাগুলো তারই মধ্যে ফিরত থাকি থাকি,

বানের জলে শ্যাওলা যেমন, মেঘের তলে পাখি।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত