আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মাতা কবিতা | mata kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মাতা কবিতাটি [ mata-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

মাতা mata

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ মাতা mata

 

মাতা কবিতা | mata kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কুয়াশার জাল

               আবরি রেখেছে প্রাতঃকাল–

                   সেইমতো ছিনু আমি কতদিন

                             আত্মপরিচয়হীন।

               অস্পষ্ট স্বপ্নের মতো করেছিনু অনুভব

          কুমারীচাঞ্চল্যতলে আছিল যে সঞ্চিত গৌরব,

               যে নিরুদ্ধ আলোকের মুক্তির আভাস,

                   অনাগত দেবতার আসন্ন আশ্বাস,

          পুষ্পকোরকের বক্ষে অগোচর ফলের মতন।

                   তুই কোলে এলি যবে অমূল্য রতন,

                             অপূর্ব প্রভাতরবি,

                   আশার অতীত যেন প্রত্যাশার ছবি–

                             লভিলাম আপনার পূর্ণতারে

                                      কাঙাল সংসারে।

 

                   প্রাণের রহস্য সুগভীর

                             অন্তরগুহায় ছিল স্থির,

          সে আজ বাহির হল দেহ লয়ে উন্মুক্ত আলোতে

                             অন্ধকার হতে;

                   সুদীর্ঘকালপথে

                        চলিল সুদূর ভবিষ্যতে।

          যে আনন্দ আজি মোর শিরায় শিরায় বহে

                   গৃহের কোণের তাহা নহে।

                   আমার হৃদয় আজি পান্থশালা,

                   প্রাঙ্গণে হয়েছে দীপ জ্বালা।

                  হেথা কারে ডেকে আনিলাম

          অনাদিকালের পান্থ কিছুকাল করিবে বিশ্রাম।

               এ বিশ্বের যাত্রী যারা চলে অসীমের পানে

                   আকাশে আকাশে নৃত্যগানে–

                আমার শিশুর মুখে কলকোলাহলে

                   সে-যাত্রীর গান আমি শুনিব এ বক্ষতলে।

               অতিশয় নিকটের, দূরের তবু এ–

          আপন অন্তরে এল, আপনার কহে তো কভু এ।

              বন্ধনে দিয়েছে ধরা শুধু ছিন্ন করিতে বন্ধন;

          আনন্দের ছন্দ টুটে উচ্ছ্বসিছে এ মোর ক্রন্দন।

                             জননীর

                   এ বেদনা, বিশ্বধরণীর

                             সে যে আপনার ধন–

          না পারে রাখিতে নিজে, নিখিলেরে করে নিবেদন।

Amar Rabindranath Logo

Share

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, সংগীতস্রষ্টা, প্রাবন্ধিক, চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় পরিচিত।রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিধি ছিল ব্যাপক ও বৈচিত্র্যময়। তাঁর জীবদ্দশায় এবং মৃত্যুর অব্যবহিত পরে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস এবং ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন প্রকাশিত হয়। তাঁর ৯৫টি ছোটগল্প *গল্পগুচ্ছ* এবং ১,৯১৫টি গান *গীতবিতান* সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনাবলি ৩২ খণ্ডে *রবীন্দ্র রচনাবলী* নামে সংকলিত হয়েছে। তাঁর পত্রসাহিত্যও *চিঠিপত্র* নামে ১৯ খণ্ডে এবং চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংগীতের পাশাপাশি চিত্রকলাতেও তিনি বিশেষ অবদান রাখেন; তাঁর আঁকা ছবির সংখ্যা প্রায় দুই হাজার বলে উল্লেখ করা হয়।রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে *গীতাঞ্জলি* কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে বিশ্বসাহিত্যে ইতিহাস সৃষ্টি করেন।

https://amarrabindranath.com/

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত