আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

রূপকার কবিতা | rupokar kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

রূপকার কবিতাটি [ rupokar-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

রূপকার rupokar

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ রূপকার rupokar

 

রূপকার কবিতা | rupokar kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ওরা কি কিছু বোঝে

          যাহারা আনাগোনার পথে

                   ফেরে কত কী খোঁজে?

হেলায় ওরা দেখিয়া যায় এসে বাহির দ্বারে;

                   জীবনপ্রতিমারে

জীবন দিয়ে গড়িছে গুণী, স্বপন দিয়ে নহে।

                   ওরা তো কথা কহে,

সে-সব কথা মূল্যবান জানি,

                   তবু সে নহে বাণী।

রাতের পরে কেটেছ দুখরাত,

                   দিনের পরে দিন,

দারুণ তাপে করেছে তনু ক্ষীণ।

সৃষ্টিকারী বজ্রপাণি যে বিধি নির্মম,

                   বহ্নিতুলিসম

          কল্পনা সে দখিন হাতে যার,

সব-খোয়ানো দীক্ষা তারই নিঠুর সাধনার

                   নিয়েছে ও যে প্রাণে;

নিজেরে ও কি বাঁচাতে কভু জানে?

                   হায় রে রূপকার,

          নাহয় কারো করো নি উপকার–

আপন দায়ে করেছ তুমি নিজেরে অবসান,

          সে লাগি কভু চেয়ো না প্রতিদান।

 

                   পাঁজরভাঙা কঠিন বেদনার

অংশ নেবে শকতি হেন, বাসনা হেন কার!

বিধাতা যবে এসেছে দ্বারে গিয়েছে কর হানি,

          জাগে নি তবু, শোনে নি ডাক যারা,

সে প্রেম তারা কেমনে দিবে আনি

          যে প্রেম সব-হারা–

করুণ চোখে যে প্রেম দেখে ভুল,

          সকল ত্রুটি জানে

                   তবু যে অনুকূল,

          শ্রদ্ধা যার তবু না হার মানে।

কখনো যারা দেয় নি হাতে হাত,

          মর্মমাঝে করে নি আঁখিপাত,

                   প্রবল প্রেরণায়

                             দিল না আপনায়,

                   তাহারে কয়ে কথা,

ছড়ায় পথে বাধা ও বিফলতা,

                   করে না ক্ষমা কভু–

                             তুমি তাদের ক্ষমা করিয়ো তবু।

                   হায় গো রূপকার,

ভরিয়া দিয়ো জীবন-উপহার।

          চুকিয়ে দিয়ো তোমার দেয়,

রিক্ত হাতে চলিয়া যেয়ো,

          কোরো না দাবি ফলের অধিকার।

জানিয়ো মনে চিরজীবন সহায়হীন কাজে

          একটি সাথি আছেন হিয়ামাঝে;

                   তাপস তিনি, তিনিও সদা একা,

          তাহার কাজ ধ্যানের রূপ বাহিরে মেলে দেখা।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত