আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

শনির দশা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছড়ার ছবি [ ১৯৩৭ ]

কবিতার শিরনামঃ শনির দশা

শনির দশা shanir dosha [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আধবুড়ো ঐ মানুষটি মোর   নয় চেনা–

       একলা বসে ভাবছে কিংবা    ভাবছে না,

              মুখ দেখে ওর সেই কথাটাই ভাবছি,

              মনে মনে আমি যে ওর মনের মধ্যে নাবছি।

       বুঝিবা ওর মেঝোমেয়ে পাতা ছয়েক ব’কে

       মাথার দিব্যি দিয়ে চিঠি পাঠিয়েছিল ওকে।

              উমারানীর বিষম স্নেহের শাসন,

         জানিয়েছিল, চতুর্থীতে খোকার অন্নপ্রাসন–

              জিদ ধরেছে, হোক-না যেমন ক’রেই

         আসতে হবে শুক্রবার কি শনিবারের ভোরেই।

                   আবেদনের পত্র একটি লিখে

              পাঠিয়েছিল বুড়ো তাদের কর্তাবাবুটিকে।

                   বাবু বললে, “হয় কখনো তা কি,

         মাসকাবারের ঝুড়িঝুড়ি হিসাব লেখা বাকি,

              সাহেব শুনলে আগুন হবে চটে,

                   ছুটি নেবার সময় এ নয় মোটে।’

                মেয়ের দুঃখ ভেবে

         বুড়ো বারেক ভেবেছিল কাজে জবাব দেবে।

         সুবুদ্ধি তার কইল কানে রাগ গেল যেই থামি,

         আসন্ন পেন্‌সনের আশা ছাড়াটা পাগলামি।

         নিজেকে সে বললে, “ওরে, এবার না হয় কিনিস

         ছোটোছেলের মনের মতো একটা-কোনো জিনিস।’

         যেটার কথাই ভেবে দেখে দামের কথায় শেষে

                     বাধায় ঠেকে এসে।

 

       কেইবা জানবে দামটা যে তার কত,

    বাইরে থেকে ঠিক দেখাবে খাঁটি রুপোর মতো।

    এমনি করে সংশয়ে তার কেবলই মন ঠেলে,

    হাঁ-না নিয়ে ভাব্‌নাস্রোতে জোয়ার-ভাঁটা খেলে।

       রোজ সে দেখে টাইম্‌টেবিলখানা,

    ক’দিন থেকে ইস্‌টিশনে প্রত্যহ দেয় হানা।

       সামনে দিয়ে যায় আসে রোজ মেল,

            গাড়িটা তার প্রত্যহ হয় ফেল।

         চিন্তিত ওর মুখের ভাবটা দেখে

    এমনি একটা ছবি মনে নিয়েছিলেম এঁকে।

                   কৌতূহলে শেষে

    একটুখানি উসখুসিয়ে একটুখানি কেশে,

            শুধাই তারে ব’সে তাহার কাছে,

“কী ভাবতেছেন, বাড়িতে কি মন্দ খবর আছে।”

       বললে বুড়ে, “কিচ্ছুই নয়, মশায়,

            আসল কথা, আছি শনির দশায়।

    তাই ভাবছি কী করা যায় এবার

ঘৌড়দৌড়ে দশটি টাকা বাজি ফেলে দেবার।

    আপনি বলুন, কিনব টিকিট আজ কি।”

         আমি বললেম, “কাজ কী।”

       রাগে বুড়োর গরম হল মাথা;

    বললে, “থামো, ঢের দেখেছি পরামর্শদাতা!

কেনার সময় রইবে না আর আজিকার এই দিন বই!

কিনব আমি, কিনব আমি, যে ক’রে হোক কিনবই।”

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত