আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

উদাসীন udasin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

উদাসীন udasin [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ উদাসীন

উদাসীন udasin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

হাল ছেড়ে আজ বসে আছি আমি,

      ছুটি নে কাহারো পিছুতে।

মন নাহি মোর কিছুতেই, নাই

                     কিছুতে।

      নির্ভয়ে ধাই সুযোগ-কুযোগ বিছুরি,

      খেয়াল-খবর রাখি নে তো কোনো-কিছুরি–

      উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা

                 সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি

                                        নিচুতে।

                 হাল ছেড়ে আজ বসে আছি আমি

                        ছুটি নে কাহারো পিছুতে–

                 মন নাহি মোর কিছুতেই, নাই

                                       কিছুতে।

যেথা-সেথা ধাই, যাহা-তাহা পাই–

        ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।

তাই ব’লে কিছু কাড়াকাড়ি ক’রে

                        কাড়ি নে।

            যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি,

            বকি নে কারেও, শুনি নে কাহারো বকুনি–

            কথা যত আছে মনের তলায় তলিয়ে

                 ভুলেও কখনো সহসা তাদের

                                 নাড়ি নে।

                 যেথা-সেথা ধাই, যাহা-তাহা পাই–

                        ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।

                 তাই ব’লে কিছু তাড়াতাড়ি ক’রে

                                     কাড়ি নে।

মন-দে’য়া-নে’য়া অনেক করেছি,

            মরেছি হাজার মরণে–

নূপুরের মতো বেজেছি চরণে

                        চরণে।

            আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে,

            সাধিয়া মরেছি ইঁহারে তাঁহারে উঁহারে–

            অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা,

                 রাঙিয়াছি তাহা হৃদয়-শোণিত-

                                 বরনে।

                  মন-দে’য়া-নে’য়া অনেক করেছি,

                        মরেছি হাজার মরণে

                 নূপুরের মতো বেজেছি চরণে

                                 চরণে।

এতদিন পরে ছুটি আজ ছুটি,

            মন ফেলে তাই ছুটেছি;

তাড়াতাড়ি ক’রে খেলাঘরে এসে

                        জুটেছি।

            বুকভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া,

            ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া–

যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে

     বহুদিন পরে মাথা তুলে আজ

                             উঠেছি।

     এতদিন পরে ছুটি আজ ছুটি,

            মন ফেলে তাই ছুটেছি।

     তাড়াতাড়ি ক’রে খেলাঘরে এসে

                             জুটেছি।

কত ফুল নিয়ে আসে বসন্ত

            আগে পড়িত না নয়নে–

তখন কেবল ব্যস্ত ছিলাম

                  চয়নে।

         মধুকরসম ছিনু সঞ্চয়প্রয়াসী;

         কুসুমকান্তি দেখি নাই, মধু-পিয়াসী–

         বকুল কেবল দলিত করেছি আলসে

              ছিলাম যখন নিলীন বকুল-

                                 শয়নে।

               কত ফুল নিয়ে আসে বসন্ত

                     আগে পড়িত না নয়নে

               তখন কেবল ব্যস্ত ছিলাম

                                 চয়নে।

দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি,

            মন নাহি মোর কিছুতে;

তাই ত্রিভুবন ফিরিছে আমারি

                       পিছুতে।

        সবলে কারেও ধরি নে বাসনা-মুঠিতে,

        দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে–

        যখনি ছেড়েছি উচ্চে উঠার দুরাশা

              হাতের নাগালে পেয়েছি সবারে

                                নিচুতে।

               দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি,

                      মন নাহি মোর কিছুতে–

               তাই ত্রিভুবন ফিরিছে আমারি

                                 পিছুতে।

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত